২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মাসে চতুর্থ দফায় বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম; এ নিয়ে দুই মাসে চার দফায় দাম বাড়ল প্রায় ৫ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 09:02 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

এক সপ্তাহের মধ্যে আবার বেড়েছে সোনার দাম

এবারও বাড়ছে ভরিতে এক হাজার ২২৫ টাকা। প্রতি ভরি ভালো মানের সোনা ৪৬ হাজার ১৮৯ টাকায় বিক্রি হবে। প্রতি গ্রাম বিক্রি হবে ৩ হাজার ৯৬০ টাকায়।

সোমবার থেকে নতুন দর কার্য কর হবে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিশ্ববাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান।

সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি সব ধরনের সোনার দামও ভরিতে এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়।

বর্তমানে প্রতি ভরি ভালো মানের সোনা ৪৪ হাজার ৯৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের সোনা (১১.৬৬৪ গ্রাম) ৪৬ হাজার ১৮৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম পড়বে ৩৭ হাজার ৪৪১ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৬ হাজার ৩৬০ টাকায়।

রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৯৬৫ টাকায়, ২১ ক্যারেট ৪২ হাজার ৮৬৫ টাকায় এবং ১৮ ক্যারেটের ৩৬ হাজার ২১৭ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতির সোনা ২৫ হাজার ১৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

ঘন ঘন দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বাজুস সাধারণ সম্পাদক এনামুল বলেন, “আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে তা সমন্বয় করা হচ্ছে। আজ (শনিবার) বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”

চলতি বছর এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো। গত ১৩ ফেব্রুয়ারির আগে ৪ ফেব্রুয়ারি এবং তার আগে ১৩ জানুয়ারিও বাড়ানো হয়েছিল সোনার দাম।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ভরিতে সোনার দাম এক হাজার ২২৫ টাকা কমানো হয়েছিল। তার আগে ৯ নভেম্বর সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ২২৫ টাকা করে কমিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

গত বছরের শেষ দিকে দুই দফা দাম কমানোর আগে ১৭ অক্টোবর ভরিতে দেড় হাজার টাকা বেড়েছিল সোনার দাম।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।

রুপার দরও বেড়েছে

শনিবার সোনার সঙ্গে রুপার দাম বাড়ানোরও ঘোষণা দিয়েছে বাজুস; ভরিতে বেড়েছে ৫৮ টাকা।

সোমবার থেকে প্রতি ভরি রুপা এক হাজার ১০৮ টাকায় (প্রতি গ্রাম ৯৫ টাকা) বিক্রি হবে। এখন বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায় (প্রতি গ্রাম ৯০ টাকা)।

এ নিয়ে সোনার মতো রুপার দামও চলতি বছরে চার বার বাড়ল। প্রতিবারই ভরিতে ৫৮ টাকা করে বেড়েছে।