জিএসপি: যুক্তরাষ্ট্র ‘ইতিবাচক’ হবে, আশা মন্ত্রীর
যুক্তরাষ্ট্রের বাজারে দেশটির সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার ঢাকায় ২৪ তম ইউএস ট্রেড শো’র উদ্বোধনীতে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে আমরা টিকফা করেছি। টিকফার মূল উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা করা। কিন্তু আমরা যদি সেটা না করি- তাহলে টিকফা হবে অর্থহীন।
যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা না পেলেও দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত ভালো বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ।
“আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত ভালো। এবছরও রপ্তানিতে ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। অর্থবছর শেষে এটি ৭ বিলিয়ন ডলার অতিক্রম করবে। যদিও আমরা অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকার পাচ্ছি না।”
বাংলাদেশের অ্যামেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এই ট্রেড শো’র আয়োজন করেছে। ৫৭টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে, যার মধ্যে ৪০টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের।
“আমি মনে করি, বাংলাদেশ আরও এগোবে। ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। আশা করছি আগামী ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।”
বাংলাদেশ এখন ইতিবাচক অর্থনৈতিক উন্নয়নের দিকে যাচ্ছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, “অনেক শিল্প কারখানাই এখন পরিবেশ রক্ষায় সবুজ শিল্প হিসেবে কাজ করছে। বিশেষকরে তৈরি পোশাক খাতে এটি অনেক বেশি। আমরা ইপিজেডও শ্রমিকদের জন্য ওয়ার্কার ওয়েলফেয়ার এসোসিয়েশন করেছি, যা শ্রম আইনের মতই।”
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, “বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে। এটা দিনদিন আরও বাড়ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার ফলে আমেরিকান অনেক প্রতিষ্ঠানই এখানে আগ্রহ দেখাচ্ছে।
উদ্বোধনীতে অ্যামচেম সভাপতি নূরুল ইসলাম, অ্যামচেমের এশিয়া প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান জ্যাকসন কক্স বক্তব্য রাখেন।
২০ টাকা দর্শনীর বিনিময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। তবে স্কুলের শিক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে বা ইউনিফর্ম পরা অবস্থায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
