তরঙ্গ নিলামের ভিত্তিমূল্য বদলে অর্থ মন্ত্রণালয়ের সায়
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি হাতে থাকা অব্যবহৃত টু জি ও থ্রি জি তরঙ্গ (স্পেকট্রাম) নিলামের ভিত্তিমূল্য পরিবর্তনের প্রস্তাবে সায় দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
চিঠিতে নিলামে নতুন কোনো অপারেটর আসলে তাদের লাইসেন্সসহ অন্যান্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পূর্বে টু জি ও থ্রি জি তরঙ্গ নিলাম নীতিমালায় পৃথক ভিত্তিমূল্য থাকলেও এবার প্রতি মেগাহার্টজে ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ মিলিয়ন মার্কিন (দুই কোটি ৫০ লাখ) ডলার।
বিটিআরসির কাছে থাকা টু জির এক হাজার ৮০০ মেগাহার্টজের অব্যবহৃত ১০ দশমিক ৬ মেগাহার্টজ এবং থ্রি জির দুই হাজার ১০০ মেগাহার্টজের অব্যবহৃত ১৫ মেগাহার্টজ তরঙ্গ মোবাইল অপারেটরদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়ে গত ফেব্রুয়ারিতে নীতিমালা করে বিটিআরসি।
এরপর পরপর দুইবার সময় নির্ধারণ করলেও নিলাম করতে পারেনি বিটিআরসি।
নিলাম অনুষ্ঠানের নীতিমালা অনুযায়ী, এক হাজার ৮০০ মেগাহার্টজের জন্য নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা (বর্তমান বাজার দরে)। দুই হাজার ১০০ মেগাহার্টজের জন্য ভিত্তিমূল্য দুই কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা ধরা হয়েছিল।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে এই দুই তরঙ্গের প্রতি মেগাহার্টজে নিলামে ভিত্তিমূল্য দুই কোটি ৫০ লাখ ডলার নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নতুন মূল্যে প্রতি মেগাহার্টজে টু জি তরঙ্গে ভিত্তিমূল্য ৫০ লাখ মার্কিন ডলার কমলেও থ্রি জিতে বাড়ছে ৩০ লাখ মার্কিন ডলার।
চিঠিতে বলা হয়েছে, তরঙ্গ নিলামের ফলাফল বিজ্ঞপ্তির পর ৬০ দিনের মধ্যে মোট পরিশোধের ৬০ শতাংশ জমা দিতে হবে এবং বাকি টাকা সমান কিস্তিতে চার বছরে পরিশোধের সুযোগ থাকবে।
এতে বলা হয়, টু জি ও থ্রি জি তরঙ্গের ক্ষেত্রে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ধার্য ভিত্তিতে ‘বিড আর্নেস্ট মানি’ ১৫০ কোটি টাকা থাকছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি।
চিঠিতে অপারেটরের জন্য লাইসেন্স ফি ১০০ মিলিয়ন টাকা বা সমপরিমাণ মার্কিন ডলার এবং বার্ষিক লাইসেন্স ফি ৫০ মিলিয়ন টাকা বা সমপরিমাণ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিটিআরসি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তরঙ্গ নিলামের নীতিমালায় মোবাইল ফোন অপারেটরদের পাশাপাশি বেসরকারি ল্যান্ডফোন এবং ওয়াইম্যাক্স অপারেটরদের অংশগ্রহণের সুযোগ থাকবে, তাই নতুন লাইসেন্স ফি’র বিষয়টি এসেছে।
গত ৭ জানুয়ারি তরঙ্গ নিলাম এবং নতুন লাইসেন্স ইস্যু সংক্রান্ত দুটি গাইডলাইনে বর্ণিত ফি, চার্জ ও আনুষঙ্গিক শর্ত পুনর্নির্ধারণের জন্য অর্থ বিভাগে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এরপর অর্থ বিভাগ সম্প্রতি এই ফি নির্ধারণ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠায়।
পরপর দুইবার নিলামের দিন ধার্য করার পর অপারেটরদের দাবির মুখে বাড়তি টু জি ও থ্রি জি তরঙ্গ বরাদ্দের জন্য নিলামের অবস্থান থেকে গত বছর মে মাসে সরে দাঁড়ায় টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
তরঙ্গ নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালায় পরবর্তী নিলামের দিন জানানো হবে বলে অপারেটরদের কাছে সে সময় চিঠি পাঠায় বিটিআরসি।
দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ায় মোবাইল অপারেটররা বলে আসছিল, তারা নিলামে অংশ নেবে না।
নিলামে বিক্রি হওয়া তরঙ্গমূল্যের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার, সিমকার্ড প্রতিস্থাপন কর-সংক্রান্ত মামলার সমাধান, বিদ্যমান টেলিযোগাযোগ আইন সংশোধন, তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত করা ও কর কাঠামোর সংস্কারসহ বিভিন্ন বিষয় নিষ্পত্তির দাবি রয়েছে অপারেটরদের।
