ড্যানিশ মন্ত্রীকে তৈরি পোশাকের দাম বাড়াতে অনুরোধ
ডেনমার্কের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম বাড়ানোর জন্য উদ্যোগ নিতে দেশটির সফররত শ্রমমন্ত্রীকে অনুরোধ করেছেন বাংলাদেশের শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে ড্যানিশ মন্ত্রী জর্ন নীরগার্ড লার্সেনকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তার প্রতি এ অনুরোধ জানান তিনি।
মুজিবুলের হকে অনুরোধের সরাসরি উত্তর না দিয়ে ডেনমার্কের মন্ত্রী বলেন, “উন্নত কর্মপরিবেশই হচ্ছে যৌক্তিক মূল্যের ভিত্তি। এতে উৎপাদনশীলতা বাড়ে, যা বাজারে প্রতিযোগিতাসক্ষমতাও বাড়ায়। সেরকম কর্মপরিবেশ তৈরি হলে ক্রেতারা বাজারমূল্য দিতে বাধ্য হবে।”
রাজধানীর একটি হোটেলে ঢাকায় ডেনমার্ক দূতাবাস ও শ্রম মন্ত্রণালয় যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, “কর্মপরিবেশ ও ভবনের নিরাপত্তা উন্নয়নের জন্য আমরা মালিকদের চাপ দিচ্ছি। মালিকরা বিদ্যুৎ ও ভবন নিরাপত্তার সরঞ্জাম কিনছে, তাতে হাজার হাজার ডলার খরচ হচ্ছে। এই খরচ দেবে কে?
“যারা কিনছেন, আমাদের বায়ার, তারা কিন্তু পণ্যের দাম বাড়াচ্ছে না। বরং গত বছর ১ দশমিক ৮ শতাংশ দাম কমেছে।”
ডেনমার্কের মন্ত্রীর প্রতিও একই অনুরোধ রেখে তিনি বলেন, “আমরা স্ট্যান্ডার্ড রাখছি, ওয়েজ বাড়িয়েছি, শ্রম অধিকার নিশ্চিত করছি, নিরাপত্তায় উন্নতি করা হয়েছে, আরও হচ্ছে। আপনার দেশের ক্রেতারা যাতে আমাদের পণ্যের যুক্তিসঙ্গত মূল্য দেয় সে বিষয়ে কথা বলবেন।”
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার সামগ্রিক পরিবেশকে ইউরোপীয় মানে উন্নীত করার ওপর জোর দেন লার্সেন।
সাংবাদিকরা তার কাছে বর্তমান পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, “আমি ২৪ ঘণ্টা হল এসেছি। এর মধ্যে মূল্যায়ন করা আমার জন্য কঠিন। তবে ইতিমধ্যে যা জেনেছি তাতে বলব ‘এক্সিলেন্ট’। তবে আরও উন্নয়নের দরকার আছে।”
কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়ে ড্যানিশ শ্রমমন্ত্রী বলেন, “অনেক ক্ষেত্রেই মালিকরা শ্রমিকদের নিজের মনে করে না। আবার মালিকদের আচরণের কারণে শ্রমিকরাও তাদের উপর আস্থা রাখতে পারে না।”
তার সঙ্গে একমত পোষণ করে মুজিবুল হক বলেন, “আস্থা বাড়াতে আমরা কারখানার মধ্যম সারির কর্মকর্তা ও শ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছি।
শ্রমিকদের জন্য সরকার পরীক্ষামুলকভাবে দুর্ঘটনা বীমা চালু করতে যাচ্ছে, যা প্রিমিয়াম শ্রমিক কল্যাণ তহবিল থেকে দেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দুদেশের যৌথ উদ্যোগে নেওয়া প্রকল্প ‘স্ট্রাটেজিক সেক্টর কো-অপারেশন’ এর উদ্বোধন করা হয়। বিভিন্ন দেশের সবুজ প্রবৃদ্ধি (গ্রিন গ্রোথ) এবং কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে ডেনমার্ক সরকার এ প্রকল্পের মাধ্যমে যৌথভাবে কাজ করে।
এ প্রকল্পের মাধ্যমে প্রধানত তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তাদের মানোন্নয়ন করা হবে।
২০২১ সালের মধ্যে বাংলাদেশ রপ্তানি বাড়িয়ে দ্বিগুণ করা ও মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়েছে, যা অর্জনের জন্য শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন করা অপরিহার্য।
এর মধ্যে সরকার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা ঘোষণার পাশাপাশি একটি কাউন্সিলও গঠন করেছে।
জনসচেতনতা বাড়াতে আগামী ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এসকায়েরসহ দূতাবাসের কর্মকর্তা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
