চট্টগ্রামের বাজারে পাইকারি-খুচরায় বিস্তর ব্যবধান
চট্টগ্রামের কাঁচাবাজারে দাম কমলেও পাইকারি দরের তুলনায় এখনও মানভেদে বিভিন্ন সবজির খুচরামূল্য তিনগুণ।
শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে মূলার পাইকারি দাম ছয় থেকে আট টাকা দেখা গেলেও খুচরায় সেটি বিক্রি হতে দেখা গেছে ১৫ থেকে ২০ টাকায়।
অন্যান্য সবজির ক্ষেত্রেও দামের এই চিত্র দেখা গেছে একই বাজারে।
গত সপ্তাহে দেশি বেগুনের দাম ছিল কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা; তবে শীতে সরবরাহ বাড়ায় এ সপ্তাহে সেটি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
টমেটো বিক্রি হয়েছে গত সপ্তাহে কেজি ৮০ থেকে ১২০ টাকা। সেটি এখন মিলছে ৬০ থেকে ৭০ টাকায়। নতুন আলুর দামও ৭০ টাকা থেমে নেমে ৫০ টাকা হয়েছে।
অন্যদিকে শীতের সবজি মূলা, বাঁধাকপি, ফুলকপি ছাড়াও নানা জাতের শাক বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে কম দামে।
মূলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, যেটি গত সপ্তাহে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে।
বাঁধাকপির দামও কমেছে কিছুটা। ভাল মানের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, যেটি গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৩৫ টাকা।
কমার তালিকায় যুক্ত হয়েছে ফুলকপিও। ভাল মানের ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। গত সপ্তাহে প্রতিকেজি ফুলকপি ছিল ৪০ টাকা।
দাম কমলেও পাইকারি দরের সঙ্গে খুচরার ব্যবধান বেশ।
রিয়াজউদ্দিন বাজারের কাঁচাপণ্যের পাইকারি প্রতিষ্ঠান চেয়ারম্যান আড়তের কর্মচারী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাইকারিতে বগুড়ার মূলা বিক্রি হচ্ছে ছয় টাকা আর রাজশাহীর মূলা বিক্রি হচ্ছে আট টাকায়।
পাইকারিতে বেগুনের কেজিপ্রতি দাম ২২ টাকা, বাধাকপি ১২ টাকা ও ফুলকপি ১৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান সাইফুল।
রিয়াজউদ্দিন বাজারে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও উত্তরবঙ্গ থেকে ট্রাক নিয়ে প্রচুর সবজি ঢুকছে বলে জানান সাইফুল।
দাম কমার প্রতিযোগিতায় আছে ব্রয়লার মুরগিও।
গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। দেশি মুরগির দাম রয়েছে স্থির। আগের সপ্তাহের মতই দেশি মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
মাছের দামেও কোন হেরফের হয়নি। তেলাপিয়া কেজিতে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। মাঝারি মানের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। রুই মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা প্রতিকেজি।
বড় আকৃতির গলদা চিংড়ি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। সমুদ্রের টাইগার চিংড়ি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকায়।
দাম স্থিতির তালিকায় রয়েছে গরুর মাংসও। প্রতিকেজি গরুর মাংস হাড়ছাড়া ৪৮০ টাকা ও হাড়সহ ৩৫০ টাকা।
