ইকো সেন্টার চালু করল ইডটকো
বাংলাদেশে প্রথমবারের মত ইকো সেন্টার চালু করলো টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
গুলশানের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ইকো সেন্টারটির উদ্বোধন করেন ইডটকো গ্রুপের চিফ মার্কেটিং অ্যান্ড কপোর্রেট আ্যাফেয়ার্স অফিসার ওয়ান জয়নাল আদেলিন।
এ সময় তার সাথে ছিলেন ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা।
বুধবার ইডটকো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
টেলিকম নেটওয়ার্ক ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমিয়ে দক্ষ ব্যবস্থাপনায় মানসম্পন্ন গ্রাহক সেবা দিতে ইকো সেন্টারটি সহায়তা করবে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
ওয়ান জয়নাল বলেন, “মালয়শিয়ার পর এই প্রথম ইডটকো এ ধরনের একটি অনন্য সলিউশন বাংলাদেশের পরোক্ষ অবকাঠামো বাজারের গ্রাহকদের জন্য চালু করতে পেরেছে; যা আমাদের ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতারই অংশ।”
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইকো সেন্টারের মাধ্যমে গ্রাহক যে কোনো স্থান থেকে তার পরোক্ষ অবকাঠামোর তথ্য পাওয়া এবং দ্রুততম সময়ে সমস্যার সমাধান করতে পারবে। ইকো সেন্টার মোবাইলফোন টাওয়ার পর্যবেক্ষণ,নিয়ন্ত্রণ,তথ্য প্রদান,সংকেত দেয়াসহ পরোক্ষ অবকাঠামো সেবার সমস্যার তথ্য ও সমাধান দেবে।
আজিয়াটা বারহাদ গ্রুপের একক মালিকানাধীন টেলিযোগাযোগ অবকাঠামো সেবা প্রদানকারী সাবসিডিয়ারি কোম্পানি ইডটকো। ২০১২ সালে প্রতিষ্ঠিত ইডটকোর ব্যবস্থাপনা এবং পরিচালন কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় টাওয়ার,জ্বালার্নি,ট্রান্সমিশন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণসহ সব ধরণের অবকাঠামো সেবা প্রদান করে থাকে।
