পণ্যের মান বাড়ান, ব্যবসা বাড়বে: শিল্পমন্ত্রী
রপ্তানি বাড়াতে পণ্যের মানোন্নয়নের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মান ঠিক না থাকলে লেনদেন, শিল্প উৎপাদন, ভ্রমণ, স্বাস্থ্য সেবাসহ সব অর্থনৈতিক কর্মকাণ্ডে বিপত্তি ঘটবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
৪৬তম বিশ্ব ‘মান’ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) আয়োজিত এক আলোচনা সভায় ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে অর্থনৈতিকভাবে সুদৃঢ় হতে হবে।
“আর তা করতে হলে শিল্পপণ্যের গুণগত মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।”
উৎপাদিত পণ্য শুধু দেশে ব্যবহার হচ্ছে না, বিদেশেও রপ্তানি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিদেশে রপ্তানি বাড়াতে হলে পণ্যের মান অবশ্যই উন্নত হতে হবে।”
মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির ক্ষেত্রেও মানের দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, “আগে একটি কথা প্রচলিত ছিল- যে পণ্য বা মেশিন বিদেশে কার্যকর নয়, সেই মেশিন আমদানি করা হয়। কিন্তু দেশ এখন আর সেই পর্যায়ে নেই।
“মানসম্মত পণ্য ও মেশিন আমদানি করবেন এবং মানসম্মত পণ্যও রপ্তানি করবেন। এতেই ব্যবসার প্রসার ঘটবে।”
ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, “তাড়াতাড়ি লাভ করার জন্য পণ্যের গুণগত মান ‘এদিক-সেদিক’ করলে সবাই ক্ষতিগ্রস্ত হয়।”
চার দলীয় জোট সরকার আমলে চিংড়ি মাছের ওজন বাড়াতে ‘লোহা ভরার’ কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, “লোহা ভরে ওজন বাড়িয়ে ইউরোপে বিক্রি করেছিল। ফলে ছয় বছর এদেশ থেকে চিংড়ি মাছ নেয়নি তারা (ইউরোপ)। এতে দেশের সঙ্গে সঙ্গে চিংড়ি ব্যবসায়ীদেরও ক্ষতি হয়েছে।”
বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও প্রাত্যহিক জীবনের সব ক্ষেত্রে ‘মান’ এর যথাযথ প্রয়োগ ও অনুসরণ আবশ্যক বলে মন্তব্য করেন আমির হোসেন আমু।
বিএসটিআইয়ের টেস্টিং কার্যক্রম আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও নতুন ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “পনেরো বছর আগেও ভাবা যায়নি যে, এই দেশ থেকে ওষুধ বিদেশে রপ্তানি হবে। কিন্তু এখন বাংলাদেশ থেকে ওষুধ বিদেশে রপ্তানি হয়।”
মানসম্মত পণ্য উৎপাদন করলে দেশে ও বিদেশে সব জায়গায়ই ওই পণ্যের প্রসার ঘটে মন্তব্য করে তিনি বলেন, “মান-সম্মত পণ্যই পারে একটি দেশকে অর্থনৈতিকভাবে সুদৃঢ় করতে।
“মান-সম্মত পণ্য কিনব, গ্রহণ করব এবং তৈরি করব-এটাই হোক আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফিবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমদ ও বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক বক্তব্য দেন।
