২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ মন্ত্রণালয়ে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল

প্রতিনিধি দলে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 12:22 AM

Updated : 14 Jun 2023, 12:22 AM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছে বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল।

মঙ্গলবার বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারসহ ৮ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যান বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এতে মার্টিন রেইজার ক্রস বর্ডার ট্রেড, আঞ্চলিক পাওয়ার পুল, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পাওয়ার মার্কেট, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি ও ই-মবিলিটি নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগের সাতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নবায়ণযোগ্য উৎস থেকে আগামী দুই বছরের মধ্যে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আগামী পাঁচ/ছয় বছরের মধ্যে আরও ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাইপলাইনে রয়েছে। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে ১০টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করায় প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ চলে গেছে। কিন্তু ওই পরিমাণ অর্থ নবায়ণযোগ্য জ্বালানিতে আসছে না।

“নেপাল থেকে ৫০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি কার্যক্রম প্রায় চূড়ান্ত। নেপাল-ভুটান থেকে আরও জলবিদ্যুৎ আমদানি করতে সরকার কাজ করছে। ভারত থেকেও বিদ্যুৎ আমদানির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।”

এক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি নিয়ে বিশ্ব ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

দেশে ইলেকট্রিক ভেহিক্যাল বা বিদ্যুৎচালিত যানবাহনের প্রসার ঘটাতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে ইভি গাইডলাইন/পলিসি তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রায় ৪০ লাখ ইজিবাইক (ব্যাটারিচালিত তিন চাকার যান) রয়েছে। এখানে লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা প্রয়োজন।”

এসময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল আলম, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেকটর আবদুলাই শেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।