গ্যাসের মিটারে ভাড়া দ্বিগুণ, ব্যাখ্যা দিল তিতাস
তিতাস গ্যাস কোম্পানি ঋণ করে এসব প্রি পেইড মিটারের ব্যবস্থা করেছে।
চলতি বছরের শুরুতেই গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে, যা নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
মিটার ভাড়া এক লাফে ১০০ থেকে ২০০ করার কারণ ব্যাখ্যা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিব্শিন কোম্পানি লিমিটেড।
সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস বলেছে, “প্রতিটি প্রতিটি প্রিপেইড মিটারের আয়ুষ্কাল ১০ বছর বিবেচনা করে এর মূল্য, স্থাপন, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার রক্ষণাবেক্ষণ খচরসহ প্রতিটি মিটারের মূল্য কম-বেশি ২৫ হাজার টাকায় দাঁড়ায়। তিতাস গ্যাস কোম্পানি ঋণ নিয়ে এসব মিটারের ব্যবস্থা করেছে।“
মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে এই খাত সমন্বয় করা হচ্ছে বলে তিতাসের ভাষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত মোতাবেক পেট্রোবাংলার আওতাধীন সকল গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক ভাড়া ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।“
বিশেষ বিজ্ঞপ্তিতে তিতাস দাবি করেছে, ‘গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার মাত্র ১৮ টাকা পূর্ব থেকেই নির্ধারণ করেছে। অথচ ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানীকৃত এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি। অর্থাৎ, আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তাই আবাসিক খাতে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি অবান্তর।“
এই বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
