আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকার ৬৪ এজেন্টকে বিকাশের আর্থিক সহায়তা
ঢাকার তিনটি বিপণি বিতানের ক্ষতিগ্রস্ত এজেন্টদের এ সহায়তা দেওয়া হয়েছে।
ঢাকার বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট ও উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টকে অর্থ সহায়তা দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
বৃহস্পতিবার নিউ মার্কেট এলাকায় এক অনুষ্ঠানে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত এজেন্টদের বিকাশ অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিটি।
উত্তরায় পৃথক অনুষ্ঠানে বিজিবি মার্কেটের আগুনে জীবিকা হারানো বিকাশ এজেন্টেদের মধ্যে সহায়তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহায়তা পাওয়া এজেন্টদের মধ্যে ৪৪ জন বঙ্গবাজার, ১২ জন নিউ সুপার মার্কেট ও আট জন উত্তরার বিজিবি মার্কেটে বিকাশ এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছিলেন।
গত ৪ এপ্রিল বঙ্গবাজারে, ১৫ এপ্রিল নিউ সুপার মার্কেটে ও ১৭ এপ্রিল উত্তরার বিজিবি মার্কেটে ভয়াবহ আগুনে এসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জনপ্রতি ২৫ হাজার টাকা করে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
