২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে কারখানা খোলার আহ্বান প্রধান উপদেষ্টার

আগামী এপ্রিলের শুরুতে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করার কথা বলেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে কারাখানা স্থানান্তরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি মঙ্গলবার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহবান জানান। 

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থানান্তরের সুযোগ নিতে উৎসাহিত করেন। 

প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা চাই কাতারি ব্যবসায়ীরা এখানে নতুন সম্ভাবনা খুঁজে বের করুক।"  

আগামী এপ্রিলের শুরুতে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করার কথাও বলেন অধ্যাপক ইউনূস।   

কাতারের রাষ্ট্রদূত এই আমন্ত্রণের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তার দেশ থেকে আরও ব্যবসায়ী শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। 

উপসাগরীয় ধনী রাষ্ট্র কাতার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রাষ্ট্রদূত আল-কাহতানি। 

তিনি বলেন, “বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী।" 

প্রধান উপদেষ্টা কাতারের এই সমর্থনের প্রশংসা করেন এবং কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এটা সত্যিই চমৎকার। কাতার আমাদের ঘনিষ্ঠ বন্ধু।”

মুহাম্মদ ইউনূস তার সরকারের সংস্কার এজেন্ডা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরিচালনার জন্য গঠিত ঐকমত্য কমিশনের কাজ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। 

প্রধান উপদেষ্টা জানান, আগামী মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তিনি কাতারে যাচ্ছেন।