মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার রোধে বিকাশের কর্মশালা
বিকাশ বলছে, এমএফএস এর অপব্যবহার করে অপরাধ ঠেকাতে এই কর্মশালার আয়োজন।
মোবাইল ব্যাংকিংকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে রংপুর মহানগর পুলিশ ও মোবাইল ফোনের আর্থিক সেবা বিকাশের আয়োজনে হয়ে গেল দুই দিনব্যাপী কর্মশালা।
সম্প্রতি রংপুরের আরডিআরএস এবং পর্যটন মোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রথম দিনে আরডিআরএস-এ ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে সমন্বয় কর্মশালা’য় অংশ নেন রংপুর জেলার ১৪০ জন বিকাশ এজেন্ট, চ্যানেল পার্টনার ও পুলিশ সদস্যরা।
দ্বিতীয় দিন রংপুরের পর্যটন মোটেলে রংপুর মহানগর পুলিশের তদন্ত কর্মকর্তাদের জন্য আয়োজন করা হয় ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক কর্মশালা’। রংপুর মহানগর পুলিশের ৫০ জন তদন্ত কর্মকর্তা তাতে অংশ নেন।
রংপুরের পুলিশ কমিশনার নূরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী; বিকাশের এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের উপদেষ্টা ও পুলিশের অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) মো. নাজিবুর রহমান এবং বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম তদন্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনে এজেন্টদেরকে সচেতন করার পাশাপাশি এমএফএস এর অপব্যবহার করে অপরাধ ও বিকাশ এর বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, এজেন্ট ও চ্যানেল পার্টনারদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অপরাধী চক্র চিহ্নিত করতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করতে বলা হয়।
দ্বিতীয় দিন পুলিশের তদন্ত কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত এবং আইনের আওতায় আনা যায়, সে সম্পর্কে আলোচনা করা হয়।
