‘বেক ইট বেস্ট’ সিজন-২ নিয়ে আসছে এসিআই ফ্লাওয়ার
৩০ জানুয়ারি থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন রাউন্ডের মাধ্যমে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা।
জাতীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো ‘বেক ইট বেস্ট’ সিজন-২ নামে বেকিং প্রতিযোগিতা আয়োজন করছে এসিআই পিওর ফ্লাওয়ার।
সোমবার এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সারা দেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে এ প্রতিযোগিতার বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, ‘বেক ইট বেস্ট’ সিজন-২ এর প্রাথমিক বাছাই অনলাইনে সম্পন্ন হবে।
“বেকিং অনুরাগীদের বেকিং এর প্রতি ভালবাসা এবং প্রতিভাকে স্বীকৃতি দিতে গত বছর থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।’’
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন ও এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেডের বিজনেস ম্যানেজার মইনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিচারকমণ্ডলির সদস্য শেফ আসাদুজ্জামান নুর ও শেফ মোহাম্মদ ইমতিয়াজ ফয়সাল।
কোম্পানিটি জানিয়েছে, তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ৩০ জানুয়ারি থেকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন রাউন্ডে অংশ নিতে পারবেন প্রতিযোগিরা।
এ রাউন্ডে প্রতিযোগীরা ময়দা দিয়ে তৈরি এবং বেক করা যেকোনো খাবার তৈরির প্রণালী ও ছবি জমা দিয়ে অংশগ্রহণ করবেন। অনলাইনে অংশ নেওয়াদের মধ্যে থেকে সেমিফাইনাল রাউন্ডে উঠবেন ৬০ জন।
তারা পেস্ট্রি শেফের তত্ত্বাবধানে কর্মশালায় অংশ নেওয়া শেষে নিজ নিজ বিভাগীয় ভেন্যুতে বানানো খাবার নিয়ে অংশ নেবেন। সেখান থেকে বিজয়ী ১২ জন ঢাকার ফাইনাল রাউন্ডের টিকিট পাবেন।
এ প্রতিযোগিতার বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে পাবেন ১ লাখ টাকা। নির্বাচিত দ্বিতীয় রানার আপ পাবেন ৫০ হাজার ও ৩০ হাজার টাকার পুরস্কার।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানা যাবে এ প্রতিযোগিতার ওয়েবসাইট থেকে।
