২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চারুকলার সঙ্গে চুক্তি নবায়ন, আসছে ‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন’

চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টসের এই সহযোগিতাকে আরও সমৃদ্ধ করতে আগামী পাঁচ বছরের জন্য নবায়ন করা চুক্তির অংশ হিসেবে চালু হতে যাচ্ছে ‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন’।

চারুকলার সঙ্গে চুক্তি নবায়ন, আসছে ‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন’
রাজধানীতে বার্জারের কর্পোরেট অফিসে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট, ডিইউ’ সংক্রান্ত চুক্তি নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:00 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের পুরস্কার সংক্রান্ত সমঝোতা চুক্তি নবায়ন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এই চুক্তির আওতায় চালু হতে যাচ্ছে ‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন।

রাজধানীতে বার্জারের কর্পোরেট অফিসে ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট, ডিইউ’ সংক্রান্ত চুক্তি নবায়ন হয় রোববার। 

এক বিজ্ঞপ্তিতে বার্জার জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মহসিন হাবিব চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম এবং চিত্রশিল্পী ও চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক মো. আবুল হাশেম খান।

‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট, ডিইউ’ প্রোগ্রামটি চালু করা হয় ২০১৭ সালে। এর আওতায় চারুকলা অনুষদের শিক্ষার্থীদের মেধার বিকাশে নানা ধরনের সহায়তা করছে বার্জার। 

বার্জার পেইন্টস প্রতিবছর চারুকলার শিক্ষার্থীদের মোট ৯টি মেধাবৃত্তি দিয়ে আসছে। যার মধ্যে রয়েছে বিভাগভিত্তিক সেরা শিক্ষার্থীদের স্বীকৃতি এবং সব বিভাগ মিলিয়ে বছরের সেরা শিক্ষার্থীর জন্য 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' পুরস্কার।

চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টসের এই সহযোগিতাকে আরও সমৃদ্ধ করতে আগামী পাঁচ বছরের জন্য নবায়ন করা চুক্তির অংশ হিসেবে চালু হতে যাচ্ছে ‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন’। 

সবমিলিয়ে এখন থেকে মোট ১০টি পুরস্কার দেওয়া হবে।

বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের প্রতিভাকে স্বীকৃতি দিতে প্রতিবছর 'বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট অফ ফাইন আর্ট' দিতে বার্জার পেইন্টস সম্মানিত বোধ করে। আর এই উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখতে আমরা যে আমাদের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে পারছি, এজন্যও আমি অত্যন্ত আনন্দিত। 

“শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের জন্যই নয়, ১৯৯৬ সাল থেকে বার্জার সারা বাংলাদেশের তরুণ শিল্পীদের প্রতিভার বিকাশে এবং তাদের ক্ষমতায়নে 'বার্জার ইয়াং পেইন্টার্স আর্ট কম্পিটিশন' আয়োজন করে আসছে।”

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, “‘বার্জার ইলিউশন আর্ট কম্পিটিশন’র সূচনা আমাদের সহযোগিতায় একটি নতুন মাত্রা যোগ করল এবং আমাদের উদীয়মান শিল্পীদের জন্য আকর্ষণীয় কিছু সম্ভাবনার দুয়ার উন্মোচন করল।”