১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেরিতে দাম দেওয়ার সুযোগে সৌদি তেল চায় বাংলাদেশ

সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রোববার গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান।

দেরিতে দাম দেওয়ার সুযোগে সৌদি তেল চায় বাংলাদেশ

সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2022, 02:47 PM

Updated : 13 Nov 2022, 02:47 PM

দেরিতে দাম পরিশোধ বা ডেফার্ড পেমেন্টের সুযোগ রেখে সৌদি আরবের কাছে জ্বালানি তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তার সঙ্গে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসে। জ্বালানি তেলের পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের সমাধানেও সৌদি আরবের সহায়তা চান প্রধানমন্ত্রী। 

সৌদি উপমন্ত্রী সেখানে অনেক বাংলাদেশির পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় তোলেন। পাসপোর্ট নবায়নে তিনি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ‘অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা’ করেন সৌদি উপমন্ত্রী। তিনি দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের খাদেম, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং সৌদী প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা বৈঠকে বলেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে।

নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো ২০৩০ এ সৌদি আরবকে বহুপাক্ষীয় সহায়তা দেওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব আহমদ কায়কাউস, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এ সময় উপস্থিত ছিলেন।