২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিকাশ নিয়ে এল ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’

‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ, মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং তাদের সম্মতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 07:41 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

মোবাইল আর্থিক সেবায় প্রথমবারের মতো ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ নিয়ে এসেছে বিকাশ। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে ১৪ থেকে ১৮ বছরের নিচের বয়সীদের জন্য এই বিশেষ অ্যাকাউন্ট যুক্ত থাকবে তাদের মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে। 

এই ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ, মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং তাদের সম্মতি। 

অভিভাবকরা এই হিসাব তত্ত্বাবধান করতে পারবেন। মা অথবা বাবা যে কোনো সময়ে বিকাশ অ্যাপের স্টেটমেন্ট থেকেই সন্তানের ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ -এর সব লেনদেন দেখভাল করতে পারবেন। 

যে সেবাগুলো পাওয়া যাবে 

শিক্ষার্থীদের স্কুল, কলেজের ফি পরিশোধ, ছোট ছোট দৈনন্দিন কেনাকাটা, মোবাইল রিচার্জ, কাউকে টাকা পাঠানো, বিল পরিশোধসহ কয়েক ধরনের সেবা নেওয়া যাচ্ছে এই অ্যাকাউন্ট থেকে। 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এই অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩০ হাজার টাকা রাখা যাবে। দিনে ৫ হাজার এবং মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা লেনদেন করা যাবে। 

‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ -এ সেন্ড মানির মাধ্যমে টাকা গ্রহণ করা গেলেও এখানে ক্যাশ ইন বা অ্যাড মানি সেবা ব্যবহারের সুযোগ থাকছে না। 

নতুন এই সেবা সম্পর্কে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম বলেন, “আগামীতে সমস্ত লেনদেনই হবে ক্যাশবিহীন ও জীবনযাত্রার অংশ। আজকের নবীনেরা ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেমের সঙ্গে যত পরিচিত হবেন তত তাড়াতাড়িই তারা তাদের আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠবেন।” 

যেভাবে খুলতে হবে ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ 

বিকাশ অ্যাপ দিয়ে ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুলতে শুরুতে অ্যাপ ডাউনলোড করে লগইন/রেজিস্টার-এ ট্যাপ করতে হবে। 

নিজের মোবাইল নম্বর দিয়ে ‘জন্ম সনদ’ অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে ডিজিটাল জন্ম সনদের ছবি তুলে আরও কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। 

এরপর নমিনি হিসেবে মা অথবা বাবাকে বেছে নিয়ে তাদের সচল বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে নিশ্চিত করতে হবে। 

ওই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সঙ্গে সঙ্গে অথবা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই ভেরিফিকেশন কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। 

নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সফলভাবে এই ‘স্টুডেন্ট অ্যাকাউন্ট’ খুললেই বিকাশের পক্ষ থেকে নতুন অ্যাকাউন্টে ২৫ টাকার বোনাস পেয়ে যাবেন শিক্ষার্থীরা। 

কিছু নির্দিষ্ট লেনদেন করার পর শর্ত সাপেক্ষে আরও ১০৫ টাকা বোনাস পাওয়ার সুযোগও থাকছে।