২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের এখন ‘বৃত্তাকার অর্থনীতি’ গ্রহণের সময়: নুরিয়া লোপেজ

“আজ শুধু একটি সংস্থার সূচনা করছি না; একটি নতুন চিন্তা, নতুন যাত্রা এবং নতুন দায়িত্ব শুরু করছি,” বলেন প্রীতি চক্রবর্তী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 07:47 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

`বৃত্তাকার অর্থনীতি' (সার্কুলার ইকোনমি) গ্রহণ করে বাংলাদেশের এখন টেকসই সরবরাহ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সময় বলে মনে করেন ব্যবসায়ী নেতা নুরিয়া লোপেজ।

ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (ইউরোচ্যাম) এই চেয়ারপারসন বলেছেন, “বাংলাদেশের সামনে বৃত্তাকার অর্থনীতিতে গ্রহণের মাধ্যমে সবুজ বিনিয়োগ আকর্ষণ করা, ইউরোপে রপ্তানি বাড়ানো এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।”

শনিবার ঢাকার তেজগাঁওয়ে বিসিআই কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এমন পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

গবেষণা প্রতিষ্ঠান— সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্কের (সাচিন) আত্মপ্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্লোগান হলো, ‘থিংক সার্কুলার, ইনোভেট রিজিওনালি, ইমপ্যাক্ট গ্লোবালি’।

সাচিনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী বলেন, "আমাদের লক্ষ্য হলো গবেষণা, উদ্ভাবন, নীতি-নির্ধারণী সম্পৃক্ততা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এশিয়াজুড়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া। 

“আজ আমরা শুধু একটি সংস্থার সূচনা করছি না; আমরা একটি নতুন চিন্তা, একটি নতুন যাত্রা এবং একটি নতুন দায়িত্ব শুরু করছি।”

প্রকৃতি থেকে সম্পদ গ্রহণ, পণ্য তৈরি, ব্যবহার এবং ফেলে দেওয়া, এই অর্থনৈতিক মডেলটি আর টেকসই নয় মনে করেন তিনি।

“এমন এক বৃত্তাকার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে, যেখানে সম্পদ দক্ষতার সঙ্গে পুনঃব্যবহার করা হবে, বর্জ্য কমানো হবে এবং শিল্পোন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার ভারসাম্য বজায় থাকবে," বলেন প্রীতি চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক ডক্টর মনির উদ্দিন, অর্গানাইজেশন ফর রিডাকশন অব কার্বন ফুটপ্রিন্ট ইন বাংলাদেশের প্রেসিডেন্ট জেড এম গোলাম নবী এবং এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।