২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ উদ্যোগের আহ্বান

সভায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন-এফবিসিসিআইয়ের আয়োজনে পাকিস্তানি ব্যবসায়ীদের সংগঠন-এফপিসিসিআইয়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল উপস্থিত ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 07:56 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ ‘অনাবিষ্কৃত’ নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণে জোর দিয়েছেন উভয় দেশের ব্যবসাসীরা।

সোমবার রাজধানী ঢাকার একটি হোটেলে বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামের এক সভায় তারা বিভিন্ন খাতে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই আয়োজিত এ সভায় ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সংগঠন এফপিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সভা শেষে এফবিসিসিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তিশালী করতে এফবিসিসিআই ও এফপিসিসিআইয়ের মধ্যে ‘যৌথ বাণিজ্য কাউন্সিল‘ গঠনের বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, “পূর্বে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেলেও কৃষি, বস্ত্র, ওষুধ, আইসিটিসহ সম্ভাবনাময় অনেক খাত এখনও অনাবিষ্কৃত থেকে গেছে। যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বহুগুণ বৃদ্ধি সম্ভব।”

দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

উভয় সংগঠনের যৌথভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার, বিটুবি বৈঠকসহ ‘সিঙ্গেল কান্ট্রি ট্রেড ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় এফপিসিসিআইয়ের সভাপতি আতিফ ইকরাম শেখ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি, ওষুধ, চামড়া, যন্ত্রপাতি, কেমিক্যাল, তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এক্ষেত্রে আঞ্চলিক যোগাযোগের সুবিধাকে কাজে লাগানো যেতে পারে। 

দু’দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তুলে ধরে তিনি অবকাঠামো, বন্দর ও লজিস্টিকস সক্ষমতা উন্নয়নের ওপর জোর দেন।

সভায় আরও বক্তব্য দেন এফপিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি সাকিব ফায়াজ মাগুন। 

এতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাণিজ্য উইং) নাজনীন কাওসার চৌধুরী, ঢাকায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।