১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ালটন-বিএসপিএ ‘স্পোর্টস কার্নিভাল’ শুরু মঙ্গলবার

প্রতিযোগিতার সাতটি খেলায় ১০টি ইভেন্টে অংশ নেবেন সংগঠনের শতাধিক সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব শুরু হচ্ছে মঙ্গলবার।

‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ শীর্ষক এ প্রতিযোগিতার সাতটি খেলায় ১০টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএর শতাধিক সদস্য।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার এসব তথ্য তুলে ধরা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

এতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় বিএসপিএ কার্যালয়ে ক্যারাম ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এবারের ‘স্পোর্টস কার্নিভাল’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ বছর ধরে সদস্যদের জন্য এ প্রতিযোগিতা আয়োজন করছে ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সংগঠনটি। গত ৭ বছর ধরে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সংবাদ সম্মেলনে বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বক্তব্য রাখেন।

বিএসপিএ এর সাধারণ সম্পাদক মো. সামন হোসেন ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

এবারের ইভেন্টগুলো হল-ক্যারাম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন।

সবগুলো খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।