২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার: ৫০ লাখ টাকা মূলধনি আয়ে ১৫ শতাংশ করের প্রস্তাব

বর্তমানে শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধনি আয়ের উপর ৫ শতাংশ হারে কর দিতে হয়।

পুঁজিবাজার: ৫০ লাখ টাকা মূলধনি আয়ে ১৫ শতাংশ করের প্রস্তাব
মূলধনি আয়ের ওপর কর বসার গুঞ্জনে এক মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে টানা দরপতন ঘটছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 11:42 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

এক মাসেরও বেশি সময় ধরে সে গুঞ্জনকে কেন্দ্র করে পুঁজিবাজারে টানা দরপতন চলছে, শেষমেশ সেটিই সত্য হল। শেয়ার বিক্রির মুনাফার ওপর কর বসানোর প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা থেকে ৫০ লাখ টাকার বেশি আয় হলে সেখান থেকে ১৫ শতাংশ কর হিসেবে কেটে নেওয়ার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন তিনি।

বর্তমানে শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধনি আয়ের উপর ৫ শতাংশ হারে কর দিতে হয়। ২০১৫ সালে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের ওপর থেকে কর আদায় স্থগিত আছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘‘কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার কর্তৃক গৃহীত ৫০ লক্ষ টাকার অধিক কোনো মূলধনি আয় যাহা তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের শেয়ার বা ইউনিট হস্তান্তর হতে অর্জিত হয়েছে, তা করের আওতাভুক্ত করা।’’

অর্থ আইন ২০২৪ এ বলা হয়, এই কর হার হবে ১০ শতাংশ।

একইসঙ্গে পিতা-মাতা, সন্তান এবং স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সিকিউরিটিজ দান করলে তা করের আওতায় আসবে না। এজন্য আয়কর আইন ২০২৩ এর ১৩৫ নং ধারাকে বদলেছে সরকার।

প্রতিস্থাপিত ১৩৫ ধারায় সিকিউরিটিজের সংজ্ঞাও আছে। এতে বলা হয়, “স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ অর্থ কোনো কোম্পানির বা তহবিলের স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার কর্তৃক ধারণকৃত উক্ত কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ।”

আয়কর আইন ২০২৩ এর ১৩৫ ধারায় উল্লেখ করা ছিল, শেয়ার বা তহবিল ও ফান্ডের ইউনিট হস্তান্তর বলতে উপহার, দান, উইল বা কোনো অপরিবর্তনীয় ট্রাস্টের অধীন স্থানান্তর অন্তর্ভুক্ত হবে।

আয়কর আইন ২০২৪ এ ধারাটি প্রতিস্থাপন করে বলা হয়, ‘‘হস্তান্তর বলতে পিতা-মাতা, সন্তান এবং স্বামী-স্ত্রীর মধ্যে কোনো সিকিউরিটিজ দান ব্যতীত অন্যান্য সকল প্রকার বুঝাবে।’’

আয়কর আইন ২০২৩ এর ১৩৫ ধারায় বলা ছিল, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা, ক্ষেত্রমত, স্টক এক্সচেঞ্জ শেয়ার হস্তান্তর ঘোষণার সময় কোনো স্পন্সর শেয়ারহোল্ডার বা কোনো পরিচালক বা কোনো হোল্ডিং কোম্পানি স্পন্সর বা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এর ইউনিট হস্তান্তরের অনুমতি মোতাবেক বা কোনো মিউচুয়াল ফান্ডের স্পন্সর বা ধারক হস্তান্তর মূল্য এবং সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ড ইউনিটের অধিগ্রহণের খরচের মধ্যে পার্থক্যের ৫ শতাংশ হারে কর সংগ্রহ করবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রস্তাবে রাজস্ব বাড়াতে বিভিন্ন খাত থেকে কর আদায়ের কথা বলা হয়।