স্বাস্থ্যে বরাদ্দ কিছুটা বাড়ছে, প্রশ্ন খরচের সক্ষমতা নিয়ে
“স্বাস্থ্যের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, সামর্থ্য না থাকায় সেটিও খরচ করা যায় না। ফলে কোথাও ব্যয় বাড়িয়ে, কোথাও কমিয়ে প্রতি বছর একই কাজ করা হচ্ছে।”
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আগের বারের চেয়ে কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় যেমন কম, তেমনি প্রশাসনিক ‘সক্ষমতার অভাবে’ কতটা কাজে লাগানো যাবে, তা নিয়ে ঘোর সংশয়ের কথা বলছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
নতুন অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য খাতের জন্য রাখা হয়েছে ৪১ হাজার ৪০৮ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ দশমিক ২ শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক ৭৪ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্যে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৫০ কোটি টাকা। ফলে আগের বারের চেয়ে এবার বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।
গতবারের বরাদ্দের পুরো অর্থ খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। যে কারণে সংশোধিত বাজেটে পরিমাণ কমিয়ে ২৯ হাজার ৭৮৩ কোটি টাকা করা হয়, যা বিদায়ী অর্থবছরের মোট সংশোধিত বাজেটের ৪ দশমিক ১৬ শতাংশ এবং জিডিপির শূন্য দশমিক ৫৮ শতাংশে দাঁড়ায়।
এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পুরো স্বাস্থ্য খাতে যে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের জন্য ৩০ হাজার ১২৫ কোটি এবং পরিবারকল্যাণ বিভাগের জন্য ১১ হাজার ২৮৩ কোটি টাকা রাখা হয়েছে। এই টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ২১৮ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২০ হাজার ১৯০ কোটি টাকা।
স্বাস্থ্য খাতের এবারের বরাদ্দ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেটে স্বাস্থ্যের জন্য ভালো বা মন্দ কোনোটাই হয়নি। গত ২০ বছর ধরে বাজেটের মোট বরাদ্দের ৫ শতাংশের কাছাকাছি থাকে স্বাস্থ্যের জন্য। এবারও তাই হয়েছে।
“বাংলাদেশে স্বাস্থ্যের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, স্বাস্থ্য বিভাগের সামর্থ্য না থাকায় সেটিও খরচ করা যায় না। ফলে কোথাও ব্যয় বাড়িয়ে, কোথাও কমিয়ে প্রতি বছর একই কাজ করা হচ্ছে।”
১৭ কোটি মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে সামর্থ্য, পরিকল্পনা ও বাস্তবায়ন সক্ষমতা দরকার, তা না বাড়িয়ে শুধু বরাদ্দ বাড়ালে তাতে খুব বেশি কিছু আসে-যায় না বলে মনে করেন লেনিন চৌধুরী। তার দৃষ্টিতে এটি ভবন তৈরি, সংস্কার ও কেনাকাটার বাজেট।
“এটাকে ‘স্বাস্থ্যসেবা বাজেট’ না বলে ‘চিকিৎসা বাজেট’ বলা চলে। কারণ, দুটোর মধ্যে পার্থক্য আছে। চিকিৎসা বাজেট হচ্ছে স্বাস্থ্য সেবার একটি অংশমাত্র।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ খুব বেশি বাড়েনি। তবে বাজেটে এ খাতের প্রবৃদ্ধি কিছুটা বেশি।
“জরুরি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ২ হাজার কোটি টাকা, গবেষণায় ১০০ কোটি টাকা রাখা হয়েছে। কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ডেঙ্গুর কিটের ওপর রেয়াত দিয়েছে, এগুলো ইতিবাচক। আবার মেডিকেল যন্ত্রপাতির শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।”
বাজেট সংশোধনের সময় স্বাস্থ্যের বরাদ্দ না কমানোর আহ্বান জানিয়ে সৈয়দ আবদুল হামিদ বলেন, স্বাস্থ্য খাতের বাজেট পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের সব পক্ষের সহযোগিতা লাগবে। খরচের উপযুক্ত খাত, দুর্নীতি বা অপচয় বন্ধ করা এবং ব্যয়ের জন্য দক্ষতা বাড়ানোর মতো বিষয়ে গুরুত্ব দিতে হবে।
ডক্টরস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নিরুপম দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরাদ্দ আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে চাওয়া ছিল আরও বেশি।
“আমরা আরও বেশি বরাদ্দ চেয়েছিলাম। আরও বেশি হলে ভালো হত। এখন যা হয়েছে এর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয় সেটিই আশা করি।”
স্বাস্থ্য খাতের বরাদ্দ পুরোটা ব্যয় করতে না পারায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “এজন্য স্বাস্থ্য প্রশাসনকে এককভাবে দায়ী না করে তাদের প্রশিক্ষিত করে তুলতে হবে। তারপরও না পারলে তখন বলা যাবে।”
তবে বাজেট ফেরত যাওয়ার জন্য এককভাবে স্বাস্থ্যসেবা বিভাগকে দায় দিতে চান না সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলছেন, স্বাস্থ্যের বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের অর্থ পুরোপুরি খরচ হয়। বিভিন্ন প্রকল্পের উন্নয়নকাজ সময়মত শেষ করতে না পারায় অর্থ ফেরত যায়।
“ঠিকাদার সময় মত কাজ শেষ করতে পারে না। করোনাভাইরাসের সময় অনেক কাজ আটকে গিয়েছিল। সেটা শুধু স্বাস্থ্যের জন্য না, প্রাকৃতিক দুর্যোগ, নির্মাণসামগ্রীর মূল্য বেড়ে যায়, সেটি আবার সংশোধন করতে হয়।
“আমাদের কাজগুলো করে গণপূর্ত। তাদের ডিজাইন করতে, ঠিকাদার নিয়োগ দিতে দেরি করলেও কাজটি শেষ হতে দেরি হয়। এগুলো আমাদের হাতে থাকে না।”
অর্থ মন্ত্রণালয় থেকে প্রকল্পের ব্যয় ধাপে ধাপে নিতে গিয়েও সময় খেয়ে যায় বলে জানাচ্ছেন জাহিদ মালেক।
“যেটা (প্রকল্প) পাস করা বাজেট, সেটার প্রতিটি বিলের জন্যই নতুন করে অনুমোদন আনতে হয়। এ ক্ষেত্রে যদি বলে দেওয়া হয়, যেটার বাজেট হয়ে গেছে সংসদে, সেটার অ্যাপ্রুভালের জন্য বারবার অর্থ মন্ত্রণালয়ে যেতে হবে না, তাহলে তাতে ভালো ফল হবে।”
বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহিদ মালেক বলেন, যন্ত্রপাতি ও সেবা ক্রয়ের ক্ষেত্রে দেরি হলেও দেখানো হয় বাজেটের অর্থ খরচ হয়নি।
“কোনো কারণে যদি একটা অর্ডার সময় মত শিপমেন্ট করতে না পারে, তাহলে সেটা ‘আনস্পেন্ট’ (খরচ হয়নি) হিসাবে দেখানো হয়। সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।”
