বনানীর ফ্ল্যাট থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ১
উদ্ধার করা মাদকের মধ্যে বিদেশি মদ, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট রয়েছে।
ঢাকার বনানীতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিদেশি মদ, কোকেন, গাঁজা, এমডিএমএসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনানীর ১১ নম্বর সড়কে ব্যাংক এশিয়া ভবনের ৯ তলায় একটি ফ্ল্যাটে বিভিন্ন ধরনের মাদক আছে খবর পেয়ে অভিযান চালানো হয়। আমরা সেখান থেকে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করি।”
ওই ফ্ল্যাট থেকে বিদেশি মদও উদ্ধার করেছেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যে ফ্ল্যাট অভিযান চালানো হয়, তা সামাহ্ রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারের নিজস্ব ফ্ল্যাট।সেলিম সাত্তারকে (৬১) গ্রেপ্তার করা হয়েছে।
সেলিম সুইজারল্যান্ড এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন পার্টিতে সরবরাহ করতেন বলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক রাশেদুজ্জামান সাংবাদিকদের বলেন, সেলিমের ফ্ল্যাটের একটি অংশে মিনি বারের সন্ধান পাওয়া যায়। এখানে বন্ধুদের নিয়ে তিনি আসর বসাতেন।
