২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চারজনই ঢাকায়

নভেম্বরের ১৯ দিনেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ জনের।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চারজনই ঢাকায়

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2022, 06:22 PM

Updated : 19 Nov 2022, 06:40 PM

সপ্তাহজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও তা ঠেকানো যাচ্ছে না; সবশেষ ২৪ ঘণ্টাতেই আরও মারা গেছেন ছয়জন।

এইডিস মশাবাহিত এ রোগে নভেম্বরের ১৯ দিনেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৫ জনের। চলতি বছর এ সংখ্যা দাঁড়াল ২২৬ জন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের নিয়ে দেশে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১৬১ জন হয়েছে।

Image

ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর সেবায় ব্যস্ত সেবিকা। ছবি: আসিফ মাহমুদ অভি

হাসপাতালে ভর্তি রোগীর এ সংখ্যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবারই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য।

গত এক দিনে যে ছয়জনের মৃত্যু হয়েছে তাদের চারজন ঢাকার। এছাড়া একজন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

দেশে এ পর্যন্ত যে ২১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ১৩৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকা বিভাগের নরসিংদী ও মানিকগঞ্জে একজন করে মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে

চট্টগ্রাম বিভাগে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২০ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১১৪ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ২০ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনায় ৪৪ জন, রাজশাহীতে ২০ জন এবং বরিশাল বিভাগে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৬৪ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৫২ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২১২ জন।

এ বছর অক্টোবর মাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ হাজার ৯৩২ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বোচ্চ ৮৬ জনের মৃত্যুও হয়েছে অক্টোবর মাসেই।

পুরনো খবর:

ডেঙ্গু ছড়িয়েছে ৬২ জেলায়
ডেঙ্গুতে এত মৃত্যু আগে দেখেনি বাংলাদেশ