তারেককে ফেরানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
“আলোচনাটা কীভাবে বাস্তবায়ন হবে এখনও আমাদের কাছে বিস্তারিত কিছু আসেনি,” বলেন তিনি।
যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি হলে দেশটি থেকে যেকোনো বন্দিকে দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
কয়েকটি মামলা নিয়ে ১৫ বছর ধরে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানো প্রসঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি যতটুকু শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা একটা প্রোপোজাল দিয়েছিল এবং সেটা নিয়ে আলোচনা চলছে। … সেই প্রোপোজালটা এখনও আমরা পাইনি।
“আমরা যেটুকু জানি এ ধরনের আলোচনা হয়েছে। এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইপ্লিমেন্ট করবে, আমাদের প্রতিনিধি আলোচনার সময় ছিল। আলোচনাটা কীভাবে বাস্তবায়ন হবে এখনও আমাদের কাছে বিস্তারিত কিছু আসেনি।”
যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হলে তারেক রহমানকে ফিরিয়ে আনা সহজ হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “সেটা আসুক, যেকোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজতর হবে।”
২০০৮ সালে তারেক জামিনে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান চিকিৎসার জন্য। এরপর থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন।
তারেক বিদেশে থাকা অবস্থায়ই পাঁচটি মামলায় তার বিরুদ্ধে সাজার রায় আসে। এর মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দুই বছর, অর্থ পাচারের দায়ে সাত বছর, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং একুশে অগাস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় তার।
সবশেষ গত ২ অগাস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেকের ৯ বছর ও তার স্ত্রী জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড হয়।
যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হলে দুই দেশই উপকৃত হবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব প্রসঙ্গে কামাল বলেন, “এটা আলোচনার মাধ্যমে হয়েছে। আমাদের সঙ্গে অনেকেরই বন্দি বিনিময় চুক্তি হয়েছে। যেখানে এ চুক্তি হয়েছে, উভয়পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই হয়েছে। এগুলোর প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের লেজেসলেটিভ উইংয়ের ধারাবাহিক কাজ রয়েছে। সেই কাজগুলো শেষ করার পর এই চুক্তিটা সম্পন্ন হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে।”
কত দিনের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হতে পারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কাজ করে যাব, কতক্ষণে শেষ করতে পারি সেটি পরিবেশের ওপর নির্ভর করে। কারণ আমাদের আলোচনা, সিদ্ধান্ত, দুই দেশের আইনসঙ্গত বিষয়, সেগুলোরও অনেক কর্মকাণ্ড আছে, সেগুলো শেষ করার পর এটা হবে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
