ঢাকায় ‘ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির’ ৩৭ সদস্য গ্রেপ্তার
শনিবার রাতে শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির ৩৭ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
শনিবার রাতে শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (২১), সোহেল (২০), মাসুদ রানা (২১), সাব্বির (২২), আবু বকর সিদ্দিক (২২ ), শাকিল (২০), নাঈম মোল্লা (২০), সালমান (২৬), জালাল হোসেন (২১), শাওন (২২), শহিদুল ইসলাম (৪০), রফিক (৩৩), আজিজুর (৩৬), সৈকত মন্ডল (১৯), আরিফ গাজী (২৬), জনি (১৮), রুবেল (২৮), আফজল (১৮), দ্বীন ইসলাম (২৩), তুহিন (১৮), রবিউল আউয়াল হৃদয় (২২), আরমান (২২), সানোয়ার হোসেন (৩১), রুবেল (৩৪), সোহেল (৩৫), শান্ত (২৫), আজাদ (৩৫), আকাশ (২২), আপন মিয়া (২০), নাজমুল হোসেন (২৮), মাসুম মিয়া (২৮), শান্ত (২০), সোহেল মাতব্বর (২৩), হৃদয় (১৯), সোহরাব (১৯), ইয়াছিন ব্যাপারী (২২) ও একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোর।
তাদের কাছ থেকে ৯টি চাকু, ৩টি ক্ষুর, ব্লেড, কাঁচি, বিষাক্ত মলমের কৌটা ও বিষাক্ত স্প্রে উদ্ধার করা হয় বলে রোববার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে জানায় র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারী সদস্যরা ঘোরাফেরা করতে থাকে।
“যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিষাক্ত চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে।
“ওই বিষাক্ত পানীয় খেয়ে বা বিষাক্ত স্প্রের ঘ্রাণ নেওয়ার পর যাত্রীরা অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে যায় এই চক্রের সদস্যরা।”
আরিফ বলেন, “তারা কখনও ভিড়ের মধ্যে যাত্রীদের চোখে-মুখে বিষাক্ত মলম বা মরিচের গুড়া বা বিষাক্ত স্প্রে করে যাত্রীদের যসর্বস্ব কেড়ে নেয়”।
সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে উৎপেতে থাকে জানিয়ে এ র্যাব কর্মকর্তা বলেন, চক্রটি সুযোগ পাওয়া মাত্রই পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা টাকা পয়সা লুটে নিত।
র্যাব-৩ অধিনায়ক আরিফ জানান, খিলগাঁও মালিবাগ রেল গেইট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলবাগ, রাজউক ক্রসিং, ইউবিএল ক্রসিং পল্টন মোড়, গোলাপ শাহর মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড, মানিকনগর স্টেডিয়ামের সামনে, নন্দীপাড়া ব্রিজ, বাসাবো ক্রসিং এলাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেশি দেখা যায়।
সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে র্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়ে সংস্থাটির কর্মকর্তা আরিফ বলেন, “তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
