১-৭ জানুয়ারি আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের
আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনসহ কয়েকটি দাবিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশ ও জাতির এই চরম যুগসন্ধিক্ষণে দেশের বৃহত্তম এবং জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
“ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা, পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছি।”
তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে। ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাই কোর্ট বিভাগ, সব জেলা আদালত, সেশন্স আদালত, মুখ্য মহানগর হাকিমদের আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সব আদালত বর্জন কর্মসূচি পালন করা হবে।
সরকার বা সরকারের কোনো ‘অনুচরদের’ উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য দেশের আইনজীবী সমাজের কাছে আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
