Published : 31 Aug 2023, 06:30 PM
আলোচিত মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন।
একইসঙ্গে ইলিয়াসের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ট্রাইবুানালের কর্মী জুয়েল মিয়া জানান, পশ্চিম টঙ্গী থানা এলাকার বড় দেওরা মৃত্তিবাড়ি রোডের ৫৩ নম্বর ওয়ার্ডের ৪৫ নম্বর হেল্ডিংয়ের সম্পত্তিসহ ইলিয়াসের স্থায়ী ঠিকানার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
গত ২৫ জুলাই মামলার অভিযাগপত্র গ্রহণ করে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই ট্রাইবুনাল।
সেদিন এ মামলার অভিযোগ থেকে মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন আদালত।
অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়। পাশাপাশি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩১ অগাস্ট দিন ধার্য করেন বিচারক।
এর আগে গত ৯ এপ্রিল বাবুল আক্তার এবং ইলিয়াস হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম।
অভিযোগপত্রভুক্ত অন্য দুই আসামি হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া। আসামিদের মধ্যে ইলিয়াস হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এরপর ১১ মে মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. আশেক ইমাম।
গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে পিবিআই প্রধান অভিযোগ করেন, চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা তদন্তাধীন থাকাকালে সাবেক এসপি বাবুল আক্তার প্রধান আসামি হিসেবে তদন্তে প্রকাশ পায়। তদন্তকালে তাকে গ্রেপ্তার করা হয়। জেলহাজতে থাকা বাবুল আক্তার ও বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াসসহ বাকি আসামিরা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্রের আশ্রয় নেন।
এরই ধারাবাহিকতায় বাবুল আক্তার এবং অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ২০২২ সালের ৩ সেপ্টেম্বর তার ফেইসবুক আইডির মাধ্যমে ‘স্ত্রী খুন স্বামী জেলে, খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’শিরোনামে একটি ভিডিও ক্লিপ আপলোড করেন।
তিনি অভিযোগ করেন, ভিডিওতে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে তদন্তাধীন মিতু হত্যা মামলার তদন্তকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করাসহ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।
এজাহারে ওই ভিডিওর বিভিন্ন তথ্য ও বক্তব্যকে মিথ্যা দাবি করে নানা প্রমাণ ও তথ্য উপস্থাপন করেন বনজ কুমার।