Published : 16 Jul 2026, 11:31 PM
নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
তাকে এ পদে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি ২৩ জুলাই নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।
বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।
খোন্দকার মিসবাহ বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে এ দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়।
১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান খোন্দকার মিসবাহ। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন।
চাকরি জীবনে তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দেন। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চল অন্যতম। খোন্দকার মিসবাহ বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছেন।