কাতারের সঙ্গে আইনি সহযোগিতা চুক্তি হচ্ছে
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এটি কাতারের সঙ্গে আইনগত সহায়তা চুক্তি; এর মানে এই নয় যে, আসামি বিনিময় হবে।”
আইনি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য কাতারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘এগ্রিমেন্ট ফর কো-অপরারেশন ইন দ্য লিগ্যাল ফিল্ড’ শীর্ষক এ চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “এটি কাতারের সঙ্গে আইনগত সহায়তা চুক্তি। এর মানে এই নয় যে, আসামি বিনিময় হবে।
“এটা হলো- ওদের লিগ্যাল সিস্টেমটা কেমন আছে, কীভাবে অপারেট করে, ওদের শাস্তি দেওয়ার ব্যবস্থা কেমন, ওদের জেলা বা এগুলো কীভাবে চলে? “
দেশটির সঙ্গে আইন মন্ত্রণালয়ের চুক্তি হবে জানিয়ে তিনি বলেন, চুক্তি হলে উভয় দেশের মধ্যে যেসব আইনি ক্ষেত্র আছে সেখানে সহযোগিতা করা যাবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আইনি ক্ষেত্রে ওদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এদের সাথে একটি এমওইউ (সমঝোতা স্মারক) হলে তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম (বিনিময় কর্মসূচি) করতে পারবে। এখান থেকে লোক ওখানে যেতে পারবে। ওদের কর্মকর্তারা এখানে আসতে পারবে।”
তিনি বলেন, “সরকার যদি মনে করে সেক্ষেত্রে বারের সাথেও যোগাযোগ করতে পারবে। ওদের বার কীভাবে চলে, আমাদের বার কীভাবে চলে। উভয় দেশ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে পারবে।”
মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের প্রটোকল ৫০(এ) এবং ৫৬ সংশোধন অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে জানিয়ে সচিব বলেন, “আইসিএও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অরগানাইজেশন) কাউন্সিলের সদস্য হল ৩৬ জন, এটাকে ৪০ জন করতে হবে। আর এয়ার নেভিগেশনের কমিশনের সদস্য সংখ্যা ১৯ থেকে ২১ করতে হবে। এটা আন্তর্জাতিক চুক্তি, এটা আগেই করা ছিল। ছোট দুটি সংশোধনের জন্য এটা মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে।”
সভায় ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা’ সংশোধনের খসড়ার অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, “এটা পরিবর্তন করে, ‘জাতীয় মানব কল্যাণ পদক ২০২২’ হিসেবে অনুমোদন করা হয়েছে।”
