২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ২ নেতা রিমান্ডে, ৪ জন কারাগারে

লালবাগের এক বাসায় অভিযান চালিয়ে শনিবার ওই ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানায় গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 09:18 PM

Updated : 20 Aug 2023, 09:18 PM

অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদলের ছয় নেতার মধ্যে দুইজনকে অস্ত্র আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত; বাকি চারজনের জামিন নাকচ করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঠানো হয়েছে কারাগারে।

ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম রোববার শুনানি শেষে এ আদেশ দেন।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহকে (৩০) লালবাগ থানার অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

পুরনো খবর:

কেন্দ্রীয় নির্দেশে অস্ত্র সংগ্রহ করেছেন ছাত্রদলের নেতারা: গোয়েন্দা পুলিশ

একই থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে (৩২) পাঠানো হয়েছে কারাগারে। 

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনের এসআই মো. আসাদুজ্জামান এদিন ছয় আসামিকে আদালতে হাজির করে দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার এবং বাকিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক দুজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়ে বাকিদের কারাগারে পাঠাতে বলেন।

লালবাগের এক বাসায় অভিযান চালিয়ে শনিবার ওই ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানায় গোয়েন্দা পুলিশ।তাদের কাছ থেকে দুটি রিভলবার, একটি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়ে দুটি মামলা করা হয় থানায়।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী রোববার ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পাবনা ও কক্সবাজার থেকে অস্ত্র আনার কথা ‘স্বীকার করেছেন’।

“কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এই সামনের নির্বাচনে নাশকতার জন্য অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন।“