রিজার্ভ চুরির প্রতিবেদন দিতে ৭৩ বার ব্যর্থ সিআইডি
৯ নভেম্বর প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ দেওয়া হয়েছে।
নির্ধারিত আরও একটি তারিখে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে তদন্ত সংস্থা সিআইডি। তাদেরকে ৯ নভেম্বর প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ দেওয়া হয়েছে।
এ নিয়ে ৭৩ বারের মত ব্যর্থ হল পুলিশের অপরাধ তদন্ত সংস্থাটি।
বুধবার প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিনে নতুন এই তারিখ ঠিক করে দেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
আদালত পুলিশের সংশ্লিষ্ট উপপরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানান।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই অর্থ পাঠানো হয় ফিলিপাইনে।
এই অর্থ সেখানে আরবিসি নামে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ক্যাসিনোতে খরচ হয়ে যায়। এই অর্থের মধ্যে ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশ ফেরত পেলেও বাকি অর্থ ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে গেছে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে রিজাল ব্যাংকের বিরুদ্ধে চুরি হওয়া ৬৬ মিলিয়ন ডলার উদ্ধারের জন্য মামলা করে।
হ্যাকাররা ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কায়, কিন্তু সেটি ছাড় করার আগে ধরা পড়ে যায়।
এই ঘটনায় যে মামলা করা হয়েছে, তাতে দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করেছে বলে ধারণার কথা বলা হয়েছে।
ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
