বিচারপতিকে ‘কটূক্তি’, আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি
শিগগিরই আদালত অবমাননার মামলা করা হবে বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক।
বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বিরুদ্ধে ‘কটূক্তি’ করে আদালত অবমাননা করেছে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এই ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীদের বিরুদ্ধে ‘আদালত অবমাননার’ মামলা করার কথাও জানানো হয়েছে।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সম্পাদক মো. আব্দুন নূর দুলাল।
গত ১৫ অগাস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত শোক সভায় প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাই কোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি বক্তব্য দেন। সেখানে বিচারপতি এম ইনায়েতুর রহিম বিচারপতিদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ‘ হিসেবে উল্লেখ করেছেন।
এর প্রতিক্রিয়ায় দুদিন পর গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে আপিল বিভাগের দুই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু জাফর সিদ্দিকীর সমালোচনা করে।
আইনজীবী ফোরামের সেদিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় পাল্টা সংবাদ সম্মেলনে আসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
লিখিত বক্তব্যে সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, “শপথবদ্ধ রাজনীতিবিদ – এই কথাটার তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন। শপথবদ্ধ রাজনীতিবিদ অর্থ দলীয় রাজনীতিবিদ নয়।
“আমাদের প্রিয় সংবিধান একটি রাজনৈতিক ও সাংবিধানিক দলিল। দেশের সর্বোচ্চ আইন। সম্মানিত বিচারপতিরা সেই সংবিধানের রক্ষক। সেই সংবিধান চর্চা করেন।
“বিচারপতিরা প্রতিনিয়ত রাজনীতি করেন। শপথের মধ্যে থেকেও রাজনীতি করেন, শপথের বাইরে গিয়ে নয়, রাজনীতি করতে রাজনৈতিক দল করা লাগে না।”
এ বিষয়ে আদালত অবমাননার মামলা করবেন কিনা সাংবাদিকের প্রশ্নের জবাবে আব্দুন নূর দুলাল বলেন, “আমরা শিগগিরই আদালত অবমাননার মামলা করব।”
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
