২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লাইনটির বিস্তৃতি হবে হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর-১০, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত।

এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 04:11 PM

Updated : 04 Nov 2023, 06:55 PM

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পথ উদ্বোধনের দিনই মেট্রোরেলের এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি। এই রুটের বিস্তৃতি হবে ঢাকার হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর-১০, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত।

এই লাইনের কাজ উদ্বোধন করে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন সরকারপ্রধান।

লাইনটির জন্য ইতোমধ্যে সাভারের হেমায়েতপুরে ডিপোর মাটি ও ভূমি উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান।

জাপানের টিএও করপোরেশন ও বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগের এ প্রকল্পের ডিপোর জন্য এখন ৯৯ দশমিক ২৫ একর জমির উন্নয়ন কাজ শুরু হবে।

২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ২০১৯ সালে। মোট পথের মধ্যে ১৩ দশমিক ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ ও সাড়ে ৬ কিলোমিটার এলিভেটেড অংশ। এই পথে হবে ১৪টি স্টেশন। এর মধ্যে নয়টি থাকবে আন্ডারগ্রাউন্ডে।

২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে ডিএমটিসিএলের।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এ লাইনটি হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।