বাংলা একাডেমির ফেইসবুক পেইজ বেহাত
পেইজটিতে দুই দিনে বিদেশি সিনেমার কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভার হ্যাকারদের কবলে পড়ার মধ্যেই বাংলা একাডেমির ফেইসবুক পেইজ বেহাত হওয়ার খবর মিলেছে।
সোমবার রাতে পেইজটিতে ঢুঁ মেরে বিদেশি সিনেমার কয়েকটি ভিডিও দেখা গেছে, যেগুলো পোস্ট করা হয়েছে ২৫ ও ২৬ জুন। সবশেষ গত ৮ মে বাংলা একাডেমির তরফে রবীন্দ্র জন্মবার্ষিকীর খবর প্রকাশ করা হয়েছিল।
বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেইজটি হ্যাকড হয়েছে। গতকাল রোববার বাংলা একাডেমি কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে।
“শাহবাগ থানা থেকে সেটি বিটিআরসিকেও অবহিত করা হয়েছে। পেইজটি উদ্ধারে কাজ করছে শাহবাগ থানার দায়িত্বরত পুলিশ।"
এর আগে গত বৃহস্পতিবার থেকে তিন দিন বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভার হ্যাকারদের কবলে ছিল। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকলেও আইটি বিভাগের কর্মীরা সার্ভারের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।
শেষ পর্যন্ত রোববার সকালে হ্যাকারদের কবল থেকে সার্ভার উদ্ধারের চেষ্টায় সাফল্য আসে বলে জানান কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।
