২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব ছড়িয়ে কেউ পার পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাইবার ইউনিটের সক্রিয় থাকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারাই গুজব ঘটাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তাদরকে শনাক্ত করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 12:01 PM

Updated : 20 Oct 2023, 12:01 PM

দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ রক্ষা পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার শুভেচ্ছা বিনিময় করতে এসে তিনি বলেন, “এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়।

“সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুটিকয়েক মানুষ, যারা সবসময় বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ, তার বিরুদ্ধে তারা আছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাত বরণ করতে হয়েছিল। কাজেই আমি বলতে চাই এ সমস্ত দুষ্কৃতিকারীরা সংখ্যায় খুবই কম, তারপরও এরা ঘটনা ঘটিয়ে থাকে। সেজন্যই আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে।”

এর মন্দিরে আসা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের 'মদমুক্ত' পূজার বিষয় নিয়ে বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান বলেন, “সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এরকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি।”

এসময় ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদসহ পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।