'ধাক্কা পার্টি'র ৪ সদস্য গ্রেপ্তার মিরপুরে
পথচারীদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে নারীদের লক্ষ্য করে চক্রটি ছিনতাই কার্যক্রম চালাত।
ধাক্কা দিয়ে গায়ে পড়ে ঝগড়া বাঁধানো ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্তর এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তার চারজন হচ্ছেন- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জল (২৩) ও মো. রনি (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ওসি জানান, পথচারীদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে নারীদের লক্ষ্য করে চক্রটি ছিনতাই কার্যক্রম চালাত। তারা মূলত বিভিন্ন জনবহুল স্থানে বা মার্কেট, বিপণিবিতানের সামনে দুই তিন ভাগে অবস্থান নিয়ে থাকে। একটি গ্রুপ চলতি পথে নারীদের ধাক্কা দিয়ে গোলযোগ বাঁধিয়ে কথা কাটাকাটি শুরু করে। আরেকটি গ্রুপ তাদের ঘিরে ধরে এক ফাঁকে নারী বা পথচারীদের ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানী ঢাকার চিহ্নিত ছিনতাইকারী দাবি করে ওসি জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
