উচ্চ অভিবাসন খরচের ‘বেশিরভাগ যায় এজেন্টের পেটে’
অভিবাসী কর্মীদের শোষণ বন্ধে জোর দিয়েছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফেলিপে মোরালেস।
বাংলাদেশে উচ্চ অভিবাসন খরচের কারণে অভিবাসীদের বড় ঋণের বোঝা টানতে হচ্ছে মন্তব্য করে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফেলিপে গনজালেস মোরালেস বলেছেন, সেই খরচের অনেকটাই মধ্যস্বত্বভোগীদের ‘পেটে চলে যাচ্ছে’।
এছাড়া অভিবাসী কর্মীদের শোষণের থেকে রক্ষা করতে নিয়োগ-ব্যবস্থার নিয়ন্ত্রণে জোর দিতে বলেছেন তিনি।
গত ২০ জানুয়ারি ১১ দিনের সফরে বাংলাদেশে আসেন চিলির আন্তর্জাতিক আইনের অধ্যাপক গনজালেস। ‘অভিবাসী কর্মীদের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার’ হিসেবে জাতিসংঘের অধিকার পরিষদে ২০১৭ সাল থেকে কাজ করছেন তিনি।
সফরে তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। শেষ দিন মঙ্গলবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।
বাংলাদেশে অভিবাসন ব্যয় যে অতি উচ্চ এবং মধ্যস্বত্বভোগী বা দালালদের কারণেই যে সেটা হচ্ছে, তা অনেকদিন ধরেই বলে আসছে সংশ্লিষ্ট দেশীয় এনজিও ও গবেষকেরা; এবার সেই সুরেই কথা বললেন জাতিসংঘের এই প্রতিনিধি।
ফেলিপে মোরালেস বলেন, “বর্তমানে অতি উচ্চ ব্যয়ে অভিবাসীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যা তাদের ঋণের ফাঁদে ফেলছে। এই উচ্চব্যয়ের বেশিরভাগটাই মধ্যস্বত্বভোগীদের চাপিয়ে দেওয়া, যারা এসব কর্মীদের নিয়োগের জন্য ব্যবহৃত হচ্ছেন।”
কর্মীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অভিবাসনের সমস্ত পর্যায়ে অর্থাৎ বিদেশে যাওয়ার আগে, বিদেশে কর্মসংস্থানের সময় এবং ফিরে আসার পর তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
এই চ্যালেঞ্জগুলো প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন ফেলিপে।
তিনি বলেন, কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে ও ন্যায়বিচারের সুযোগ তৈরি করতে নিয়োগ-ব্যবস্থা নিয়ন্ত্রণ, নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তা উন্নত করার প্রয়োজন রয়েছে।
সরকার-থেকে-সরকার (জিটুজি) যোগাযোগের মাধ্যমে দক্ষ অভিবাসন প্রকল্পগুলোর দৃশ্যমান পার্থক্য তুলে ধরে আন্তর্জাতিক আইনের এ অধ্যাপক বলেন, “আরও শক্তিশালী নিয়ন্ত্রণ এবং তদারকির কারণে এই প্রকল্পগুলো অভিবাসীদের জন্য আরও উপকারী হয়ে উঠেছে।
“স্বল্পদক্ষ অভিবাসীরা প্রায়ই শোষণসহ বিপজ্জনক পরিস্থিতির শিকার হন, কারণ তারা প্রায়ই দরিদ্র, স্বল্প শিক্ষিত এবং তথ্যবিহীন থাকেন।”
বিদেশে যাওয়ার আগে অভিবাসী কর্মীদের পর্যাপ্ত তথ্য দিয়ে প্রস্তুত করা এবং অপব্যবহারের শিকার হলে প্রতিকার পাওয়ার উপায়টি বাতলে দেওয়ার উপর জোর দিতে বলেন ফেলিপে।
নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণের কথাও বলেছেন তিনি।
কর্মীরা যেসব দেশে যাচ্ছেন- সেই দেশের উপরও সমান দায়িত্ব বর্তায় উল্লেখ করে ফেলিপে মোরালেস বলেন, “দেশগুলোকে অবশ্যই যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে; বিশেষ করে নারীদের ক্ষেত্রে, যারা গৃহকর্মী হিসেবে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন।
“গন্তব্য দেশগুলো, যাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের- তাদের অবশ্যই বাংলাদেশী কর্মীদের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘনের’ অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বাংলাদেশের কনস্যুলার পরিষেবাগুলো আরও শক্তিশালী করা উচিৎ।”
মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে গ্রহণ করার জন্য বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি টেকসই সমাধান ‘অত্যন্ত জটিল’।
নাগরিক হিসেবে রোহিঙ্গাদের আইনগত মর্যাদা না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তিনি যেসব ক্যাম্পে গিয়েছিলেন সেখানে শিশু জন্মগ্রহণ করেছে তাদের সরকারি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয় না বলে তিনি জেনেছেন।
রোহিঙ্গাদের শিক্ষাকেন্দ্র ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মতো শিক্ষার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি; রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করার কথাও তিনি বলেন।
