জেএমবির পলাতক নারী সদস্য ঢাকায় গ্রেপ্তার
এই নারী নাম-পরিচয় ভাঁড়িয়ে মিরপুরে থাকছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঢাকার মিরপুর থেকে এক নারীকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য এবং একটি মামলায় ফেরারী আসামি।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) বৃহস্পতিবার ভোরে মিরপুর ১২ নম্বর সেকশন থেকে উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুল ওরফে আসিয়া (৩২)নামে ওই নারীকে গ্রেপ্তার করে।
এটিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উম্মে কুলসুম কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। ২০১০ সালে মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
উম্মে কুলসুমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তার স্বামী আবু বক্কর সিদ্দিকও জেএমবিতে যুক্ত বলে পুলিশের ভাষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সাল জেএমবির সক্রিয় সদস্য অবু বক্কর সিদ্দিককে বিয়ের পর থেকে কুলসুমও জেএমবির বিভিন্ন কাজে অংশ নেওয়া শুরু করেন। ২০১০ সালে মামলায় আসামি হওয়ার পর কিছুদিন মগবাজারে এক বান্ধবীর বাসায় লুকিয়ে ছিলেন তিনি। পরে টঙ্গি এলাকায় একটি মহিলা মাদ্রাসায় চাকরি নেন।
এটিইউ জানায়, কুলসুম নিজের পরিচয় লুকিয়ে গাজীপুরে ভোটার হন এবং বাবা ও মায়ের নাম পরিবর্তন করে আসিয়া নামে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। এরপর আসিয়া নামে মিরপুরে বসবাস শুরু করেন।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
