আশুলিয়ার তিন খুনের ঘটনায় দম্পতি গ্রেপ্তার
গত শনিবার একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
ঢাকার আশুলিয়ায় সন্তানসহ দম্পতিকে গলা কেটে হত্যার ঘটনায় আরেক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গাজীপুরের সফিপুর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, এই হত্যাকাণ্ডের ‘হোতা’ সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানানো হবে।
গত শনিবার সাভারের আশুলিয়ায় একটি ভবনের ভাড়া ফ্ল্যাট থেকে পোশাক শ্রমিক মো. বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাদের গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
