২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার কম, কোথাও কোনো ঝামেলা হয়নি: ডিএমপি কমিশনার

“ভোট দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করে আমরা ভোট দিতে এসেছি,” বলেন ডিএমপি কমিশনার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 04:05 PM

Updated : 17 Jul 2023, 04:05 PM

ঢাকা-১৭ উপ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।

তিনি বলেছেন, “ভোটের পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, যদিও ভোটার উপস্থিতি কম।“

ডিএমপি কমিশনার ফারুক এই উপ নির্বাচনের একজন ভোটার। সোমবার দুপুর সোয়া ২টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকার পুলিশ প্রধান বলেন, " আমি ও আমার স্ত্রী দুজন এই কেন্দ্রের ভোটার। ভোট দেওয়াকে পবিত্র দায়িত্ব মনে করে আমরা ভোট দিতে এসেছি। আমরা ভোট দিয়েছি।"

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার দায়িত্ব, এ ব্যাপারে আমরা খেয়াল রাখছি।“

প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নিয়ে এক প্রশ্নে কমিশনার বলেন, “এজেন্ট বের করে দেওয়ার কোনো ধরনের ঘটনা আমাদের কানে আসেনি। আমি নিজেও দেখেছি কেন্দ্রটিতে বেশ কয়েকজন এজেন্ট রয়েছে। কেউ এজেন্ট দিতে পারেননি বা দেননি এটি আলাদা কথা। আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই। রিটার্নিং কর্মকর্তার কাছেও কোনো অভিযোগ আসেনি।“

কোনো অভিযোগ পেলে তা ‘খতিয়ে দেখা হবে’ বলে জানান গোলাম ফারুক।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয় ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসনটি। সোমবার সকাল ৮টায় এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটার উপস্থিতি কম হলেও কোনো অনিয়ম, অভিযোগ ছাড়াই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোট হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।