Published : 23 Jun 2023, 06:01 PM
ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ‘অজ্ঞানপার্টির’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরার কথা র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. ফুল মিয়া (৪৯), মো. এনামুল শেখ (৩৫), মো. আবু মুসা (৩০), মো. আহাদ আলী (২৪) ও আ. রহিম (৩৮)। তাদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, এ চক্রের ‘হোতা’ ফুল মিয়া। তারা দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার বাসে উঠে অন্যদের সর্বস্ব লুট করে আসছিলেন।
“জিজ্ঞাসাবাদে তারা জানায়, সাধারণত যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে কৌশলে চেতনানাশক মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করত। কোরবানির ঈদ সামনে রেখে একই কৌশল খাটানোর চেষ্টায় ছিল তারা।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।