পিকআপ থামিয়ে ছিনতাই, বাধা দিতে গিয়ে যুবক খুন
ছিনতাইকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।
ঢাকার উত্তরায় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেছে এক যুবকের, গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই।
মঙ্গলবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের 'বিএনএস সেন্টারের' সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী জানান।
নিহত দেলোয়ার হোসেন (৩০) দক্ষিণ খান এলাকায় থাকতেন এবং ওই এলাকার একটি বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার ছোট ভাই আনোয়ার হোসেন (২৫) বাবা-মাকে নিয়ে ডেমরা সারুলিয়া দক্ষিণ টেংরা এলাকার একটি বাসায় থাকতেন।
তাদের বড় বোন আলেয়া বেগম জানান, মঙ্গলবার রাতে তাদের বাবা আলাউদ্দিন এবং মা আমিরুন্নেসাকে পিকআপ ভ্যানে করে বাসার মালামালসহ গ্রামের বাড়ি ময়মনসিংহের পৌঁছে দিতে যাচ্ছিলেন দুই ভাই। ছিনতাইকারীরা পিকআপ আটকে দেলোয়ার ও আনোয়ারের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার সময় তাদের বাবা মা পিকআপের সামনে বসা ছিলেন।
“তখন দেলোয়ার আর আনোয়ার ছিনতাইকারীদের ধাওয়া করে তাদের আটকানোর চেষ্টা করে। ছিনতাইকারীরা তখন ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি আঘাত করে চলে যায়।"
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থ প্রতিম জানান, ছুরিকাঘাতে দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আনোয়ারকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
“ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছি আমরা।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
