১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার বছিলায় দুদল কিশোরের মারামারি মধ্যে দুজন ছুরিকাহত

আহতরা পথ চলার সময় হামলার শিকার হন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

ঢাকার বছিলায় দুদল কিশোরের মারামারি মধ্যে দুজন ছুরিকাহত

মোহাম্মদপুর থানা।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 11:09 PM

Updated : 10 Aug 2023, 11:09 PM

ঢাকার মোহাম্মদপুরের বছিলায় মারামারির মধ্যে ছুরিকাহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের স্বজনরা বলছেন, বছিলায় দুই দল কিশোরের মারামারি হচ্ছিল, তারা তাতে জড়িত না হলেও তার মধ্যে পড়ে হামলার শিকার হন।

বিকালে ওই এলাকায় মারামারির খবর পেয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি মাহাফুজুল হক ভুঁইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজন কীভাবে ছুরিকাহত হলেন, আমরা সেই খোঁজ নিচ্ছি, যদিও এখনও কেউ কোনো অভিযোগ করেননি।”

আহতদের নাম মেহেদী হাসান (২০) ও পারভেজ (১৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

মেহেদীর বড় ভাই নাজমুল হাসান হাসপাতালে সাংবাদিকদের বলেন, মেহেদী দুপুরে সিটি হাউজিংয়ে তার বাসায় এসেছিলেন। এরপর মায়ের জন্য খাবার নিয়ে বাই সাইকেল করে মেট্রো হাউজিংয়ে তাদের বাসায় ফিরছিলেন।

“পথে বছিলা ৭ নম্বর সড়কের সামনে বেশকিছু কিশোর-তরুণ হাতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করছিল। সেখানে কিশোর গ্যাংয়ের মারামারিতে এই পরিস্থিতি তৈরি হয়। তাদের সামনে যারাই পড়েছে, তাদেরই সমানে মারধর করেছে।”

তখনই মেহেদী ছুরিকাহত হন বলে জানান তার ভাই।

ওই এলাকায় সিটি হাউজিংয়ের পাশেই সুচনা হাউজিংয়ের সামনে একটি চায়ের দোকানের সামনে ছিলেন পারভেজ। সেখানেই তিনি ছুরিকাহত হন বলে তার খালু মামুন মীর জানিয়েছেন।

তিনি বলেন, “৫/৬ জন হঠাৎ করে এসে কিছু বুঝে উঠার আগেই তাকে (পারভেজ) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়।”

পারভেজের বাসা বছিলা শাহী নুর মসজিদের পাশে।