২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সালাম দিয়ে’ থামিয়ে খালি হাতে ছিনতাই, গ্রেপ্তার ২

পুলিশ বলছে, “চক্রের সদস্যরা ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে টার্গেট ব্যক্তিকে সালাম দিয়ে পথে আটকায়।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 06:44 PM

Updated : 31 Aug 2022, 06:44 PM

সালাম পেয়ে কেউ একটু সময় নিয়ে দাঁড়ালেই ঘিরে ধরত বাকিরা, স্বেচ্ছায় সব কিছু দেওয়ার কথায় কাজ না হলে, খালি হাতেই দেখানো হত অস্ত্রের ভয়।

সম্প্রতি একটি মামলার তদন্তে এই চক্রের দু’জনকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, রাজধানীতে ‘নতুন উপদ্রব’ হয়ে দেখা দিয়েছে এ ধরনের ছিনতাই।

গ্রেপ্তাররা হলেন- মো. পিন্টুমিয়া (৩২) ও মো. সুমন (৩৫)।

বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান, আটক দুইজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

এই চক্রের সদস্যদের ছিনতাইয়ের কৌশল বর্ণনা করে তিনি বলেন, “চক্রের সদস্যরা ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে টার্গেট ব্যক্তিকে সালাম দিয়ে পথে আটকায়।

“সাধারণত পথে কেউ সালাম দিলে পরিচিত ভেবে মানুষজন একটু থামে। চক্রের সদস্যরা এভাবে তাদেরকে থামিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। এসময় আশেপাশে চক্রের অন্য সদস্যরা ঘাপটি মেরে বসে থাকত।

“তখন বাকিরাও এসে টার্গেট ব্যক্তিকে ঘিরে ফেলে সঙ্গে যা আছে দিয়ে দিতে বলে। হুমকি দিয়ে কাজ না হলে অস্ত্র আছে বলে ভয়ভীতি দেখায়। এভাবে টার্গেট ব্যক্তির সবকিছু নিয়ে সটকে পড়ত তারা।”

উপ-কমিশনার এইচ এম আজিমুল হক বলেন, “তবে তাদের কাছে কোনো অস্ত্র থাকত না।”

চক্রের সদস্যরা সাধারণ মানুষের মত ঘোরাফেরা করত জানিয়ে তিনি বলেন, “তাই তাদেরকে চিহ্নিত করে গ্রুপটি ধরা কঠিন ছিল। যেহেতু তাদের সঙ্গে কোনো আলামত নেই।”



পুলিশ কর্মকর্তা জানান, গত ২১ অগাস্ট আগারগাঁও ডাক ভবনের সামনে এক ব্যক্তির কাছ থেকে এভাবে ৮০ হাজার টাকা লুটের ঘটনায় একটি মামলা হয়।

তদন্তে নেমে সিসিটিভির ভিডিও পর্যালোচনায় দুইজনকে শনাক্ত করা হয়,পরে তাদের আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে এ ধরনের প্রতারণা এড়াতে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উপ-কমিশনার বলেন, “পথে কেউ সালাম দিয়ে সময়ক্ষেপণ করতে চাইলে এ বিষয়ে যেন সতর্ক থাকেন সবাই। কোনো ভাবেই দাঁড়ানো যাবে না।”