আরেক বাংলাদেশি হাজির মৃত্যু
হজ শেষে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন।
সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে হজের মৌসুমে মোট ২৪ জন বাংলাদেশির মৃত্যু হল বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আইটি বিষয়ক হেল্প ডেস্ক জানিয়েছে সর্বশেষ বৃহস্পতিবার মারা যান ৬২ বছর বয়সী মো. নাজিম উদ্দিন; তার বাড়ি নওগাঁয়।
এ বছরে এ পর্যন্ত মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং সাতজন নারী রয়েছে জানায় মন্ত্রণালয়।
হজ শেষে ১৪ জুলাই থেকে শুরু করে বৃহস্পতিবার রাত দুটা পর্যন্ত ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইটে করে সৌদি থেকে দেশে ফিরেছেন হজ করতে যাওয়া ব্যক্তিরা। ফিরতি ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।
কোভিড মহামারীর ভয়বহতা কাটিয়ে ওঠায় দুবছর পর কিছুটা বড় পরিসরে হজ হয়েছে এবার। এ বছর বিভিন্ন দেশের ১০ লাখ মুসলমানকে হজে অংশ নেওয়ার সুযোগ দেয় সৌদি আরব।
এর মধ্যে সাড়ে ৮ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসেন, বাকিরা সৌদিতে থাকেন। আর বাংলাদেশ থেকে এবার হজ গেছেন ৬০ হাজার মানুষ।
