১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেবল সেবা ডিজিটাইজেশনে শিগগিরই নির্দেশিকা: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, যেখানে আইন ভঙ্গ হবে, নিয়ম-নীতি ভঙ্গ হবে সেখানে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2024, 09:55 PM

Updated : 04 Feb 2024, 09:55 PM

কেবল সেবা ডিজিটাইজেশনে শিগগিরই নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী বলেন, “কেবল টেলিভিশন সম্প্রচার, ওটিটি প্ল্যাটফর্মসহ সকল ক্ষেত্রে শৃঙ্খলা আনা হবে। অল্প সময়ের মধ্যেই কেবল সেবা ডিজিটাইজেশনের জন্য গাইডলাইন তৈরি করা হবে।

“পাশাপাশি কেবল টেলিভিশন সম্প্রচারে যেখানে আইনের লঙ্ঘন ও ব্যত্যয় আছে সেটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা হবে।”

ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত এক প্রশ্নে প্রতিমন্ত্রী আরাফাত বলেন, “ওটিটি প্ল্যাটফর্মসহ প্রযুক্তির যেকোনো অগ্রসরতাকে সরকার স্বাগত জানায়। কিন্তু যেখানে আইন ভঙ্গ হবে, নিয়ম-নীতি ভঙ্গ হবে সেখানে ব্যবস্থা নেয়া হবে।

“একইসঙ্গে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রযুক্তির অগ্রসরতার সঙ্গে একধরনের ঝুঁকিও তৈরি হয়, সে জায়গাগুলোও দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।”

কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল, সদস্য নিজাম উদ্দীন মাসুদ, রশিদ মালিক, ফরিদ উদ্দীন এবং হাবীব আলী এসময় উপস্থিত ছিলেন।