১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মিষ্টি খেতে’ তিন লাখ টাকা দাবি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

এক লাখ টাকা ইতিমধ্যে আদায় করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 08:38 PM

Updated : 23 Jul 2023, 08:38 PM

মিষ্টি খাওয়ার নামে তিন লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে হাতিরঝিল থানার এসআই জাহিদ হাসানসহ তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

আজাদ মাহমুদ নামে এক ব্যক্তি রোববার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। বিচারক আশেক ইমাম তার জবানবন্দি শুনে পরে আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী এম কাওসার আহমেদ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৮ অগাস্টের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছে। 

মামলার অপর দুই আসামি হলেন- বাদী আজাদের সাবেক প্রেমিকা আয়শা রুবি ও তার স্বামী জসিম উদ্দিন রায়াত। 

মামলার আর্জিতে বলা হয়, আজাদের সাথে রুবির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। রুবি পরে রায়াতকে বিয়ে করলে সম্পর্ক শেষ হয়। তবে তাদের ঘনিষ্ঠ কিছু ছবি রুবির কাছে ছিল। রুবি ও রায়াত এসব ছবির কথা বলে আজাদকে ‘হুমকি ধামকি’ দিতেন। 

আজাদ তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে তারা তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ ও জিডি করেন। পরে আপসের মাধ্যমে তা প্রত্যাহার করে নেওয়া হয় বলে মামলার আর্জিতে জানিয়েছেন বাদী। 

মামলায় বলা হয়, গত ১০ জুলাই রুবির শ্বাশুড়ির স্ট্রোক করার কথা জানিয়ে আজাদের কাছে সাহায্য চান রুবি ও রায়াত। আজাদ সেদিন রাত সাড়ে ৯টার দিকে রায়াতের সাথে মগবাজারের একটি রেস্তোরাঁয় দেখা করতে যান। সেখানে গেলে এসআই জাহিদ তাকে হাতিরঝিল থানায় নিয়ে যান। 

আজাদের দাবি, পরে তার আত্মীয়দের ফোন করে টাকা-পয়সা নিয়ে আসতে বলেন জাহিদ। রুবি ও রায়াতের ফোন থেকে এসআই জাহিদ একাধিকবার ফোন করে চাঁদা দাবি করেন। আজাদকে ‘হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জোর করে জবানবন্দি দিতে বাধ্য করানো হবে’ বলেও ভয়ভীতি দেখান। 

এসব থেকে বাঁচতে ‘উপায়ও বাতলে দেন’ পুলিশ কর্মকর্তা জাহিদ; বলেন- তাকে ও হাতিরঝিল থানার ওসিকে ‘মিষ্টি খেতে’ ৩ লাখ টাকা দিতে হবে। এরপর আজাদের এক আত্মীয় থানায় গেলে জাহিদ তাকে এক লাখ টাকা দিতে বাধ্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

এখন তিন আসামি আরও দুই লাখ টাকা দিতে চাপ দিচ্ছে অভিযোগ করে আজাদ আর্জিতে বলেন, তা না হলে আসামিরা মামলা দেওয়ার ‘ভয় দেখাচ্ছে’।

অভিযোগের বিষয়ে কথা বলতে এসআই জাহিদকে ফোন করা হলেও তিনি ধরেননি। হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি জানেন না। থানায় গিয়ে কথা বলে জেনে জানাতে পারবেন।