তৌফিক ভাই ছিলেন সদালাপী ও আন্তরিক: রাশেদ খাঁন
ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী, সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সদ্য প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন সদালাপী ও আন্তরিক মানুষ।
শনিবার পাঠানো এক বার্তায় তিনি বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।”
স্মৃতিচারণ করে তিনি বলেন, “বিডিনিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে সর্বশেষ তার সাথে সাক্ষাৎ হয়েছিল। যতবার সাক্ষাৎ হয়েছে, তাকে অত্যন্ত সদালাপী ও আন্তরিক হিসেবে পেয়েছি।
“এই মানুষটি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।”
ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা তৌফিক ইমরোজ খালিদীর বয়স হয়েছিল ৫৯ বছর।
