২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: অক্টোবরের ভর্তি রোগীদের ৭৫ শতাংশই ঢাকার বাইরের

চলতি মাসের প্রথম সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪১৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনসহ এ সময়ে মৃত্যু হয়েছে ৯০ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 08:00 PM

Updated : 07 Oct 2023, 08:00 PM

দেশে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যত রোগী ভর্তি হয়েছেন এর প্রায় ৭৫ শতাংশই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে; এসময়ে মশাবাহিত এ রোগে বেশি মারা গেছেনও ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫৮ জন রোগী। এ নিয়ে অক্টোবরের প্রথম সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪১৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় এইডিসবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাতে এ সপ্তাহে মৃত্যু হল ৯০ জনের।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত সাত দিনে হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৩ হাজার ৫৬ জন। অর্থাৎ মোট ভর্তি রোগীর ৭৪ দশমিক ৯৭ শতাংশ ঢাকার বাইরের। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৬৯ জন রোগী, যা মোট ভর্তি রোগীর ২৫ দশমিক ০৩ শতাংশ।

গত সাতদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৯০ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ৪৪ জন ঢাকার। মোট মৃত্যুর ৪৮ দশমিক ৮৯ শতাংশ। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ৪৬ জন, যা মোট মৃত্যুর শতকরা ৫১ দশমিক ১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮২২ জনে। এ বছর মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯ জনের।

শনিবার পর্যন্ত দেশে যত রোগী ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ১৭১ জন। তাদের মধ্যে ঢাকায় ২৯১২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬২৫৯ জন।

মাসের হিসাবে দেখা যায়, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হয় হাসপাতালে।

বাংলাদেশে জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।