১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দেশি-বিদেশি টিভির অবৈধ সম্প্রচার বন্ধে ব্যবস্থা: আরাফাত

অবৈধ সেট টপ বক্স বাজারজাত ও আমদানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জুনাইদ আহমেদ পলক।

দেশি-বিদেশি টিভির অবৈধ সম্প্রচার বন্ধে ব্যবস্থা: আরাফাত

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2024, 09:07 PM

Updated : 02 Apr 2024, 09:07 PM

সরকার অনুমোদিত দেশি ও বিদেশি টেলিভিশন স্টেশনের ফিডের বাইরে অন্য কোনো স্টেশনের ফিড প্রচার করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

তিনি বলেছেন, শুধু বৈধ কেবল ও ডিটিএইচ অপারেটররা গ্রাহকের কাছে অনুমোদিত টিভি স্টেশনের ফিড পৌঁছাতে পারবে। 

মঙ্গলবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে দেশি-বিদেশি টেলিভিশন স্টেশনের অবৈধ সম্প্রচার বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত এক সভা শেষে আরাফাত এসব কথা বলেন। 

তিনি বলেন, "সরকার অনুমোদিত দেশি ও বিদেশি টিভি চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ ক্যাবল ও ডিটিএইচ অপারেটররা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে। তাদের বাইরে অন্য কেউ এ কাজ করলে তা বেআইনি ও অবৈধ। এ বেআইনি কাজ বন্ধে সরকার আইনগত ব্যবস্থা নেবে। 

“এ বেআইনি কাজের কারণে সরকার রাজস্ব হারায় এবং বিভিন্নভাবে বিদেশে অর্থপাচার হয়। একইসাথে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ তৈরি হয়।“   

এতে করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিদেশি স্টেশনের বিজ্ঞাপন প্রচার বন্ধে যে ‘ক্লিন ফিডের’ ব্যবস্থা করেছে সেটির বাস্তবায়ন ব্যাহত হয় বলে মন্তব্য করেন। 

তিনি বলেন, যারা অবৈধ সেট টপ বক্সের মাধ্যমে অবৈধভাবে চ্যানেলগুলো দেখাচ্ছে, ক্লিন ফিডের ব্যবস্থা না করে ইচ্ছেমতো বিজ্ঞাপনসহ চ্যানেল দেখাচ্ছে, তাদের কারণে বাংলাদেশের সরকার ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

“এক্ষেত্রে সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বিটিআরসির মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।" 

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, "অবৈধ সেট টপ বক্স যেগুলো বাজারজাত করা হচ্ছে এবং আমদানি করা হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অভিযান আরও জোরদার করবে। 

"আমরা একটা কঠোর বার্তা দিতে চাই যেন কেউ কোনোভাবে সেট টপ বক্স অবৈধভাবে আমদানি না করে এবং সেটা বাজারজাত না করে। বাংলাদেশের নিরাপত্তা স্বার্থে, রাজস্ব আহরণ বৃদ্ধির স্বার্থে, বিদেশে অর্থ পাচার রোধে এবং আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ সংরক্ষণের উদ্দেশ্যে আমরা এ অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাচ্ছি।“ 

দুই মন্ত্রণালয় যৌথভাবে শক্ত অবস্থান গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।